ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত দেশবাসীকে ধৈর্র্য ধারণ করে সরকারকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে সোমবার সকালে সর্বস্তরে জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের তিনি বলেন, "গ্যাস ব্লক ইজারা দেওয়া নিয়েও কেউ কেউ জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
"গ্যাসের ব্লক ইজারা না দিলে গ্যাস উত্তোলন হবে না। বিদ্যুৎ উৎপাদন করা যাবে না। মানুষ গ্যাস পাবে না। আমরা এমন কোনও কাজ করবো না, যাতে দেশের ক্ষতি হবে।
"আমি বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু দেশের জন্য জীবন দিয়ে গেছেন।"
কারও অসত্য প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সরকারের প্রতি আস্থা রাখারও আহবান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, "দেশের স্বার্থবিরোধী কোনও কাজ করলে ২০০১ সালেই ক্ষমতায় আসতে পারতাম।"
বিএনপি-জামাত জোট সরকারের পাঁচ বছর 'দেশে ঈদের কোনও আনন্দ ছিলো না' এবং তত্ত্বাবধায়ক সরকারের দু'বছর উন্মুক্ত পরিবেশে এই ধর্মীয় উৎসব উদযাপিত হতে পারেনি দাবি করে তিনি বলেন, "দীর্ঘ সাত বছর পর এবারই দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে ঈদ উদযাপন করছে।"
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য তার সরকারের অঙ্গীকারের কথা আবারও জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমরা সাধ্যমতো চেষ্টা করছি। তারপরও কিছু কিছু ব্যত্যয় ঘটছে। প্রচুর মজুদ থাকার পরও হঠাৎ চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।"
চিনির মূল্য হঠাৎ করেই বেড়ে যাওয়াকে 'ষড়যন্ত্র' আখ্যায়িত করে তিনি বলেন, "নয় মাসে আমরা সব কিছূ গুছিয়ে উঠতে পারিনি। আগামীতে এ ধরনের ষড়যন্ত্র কেউই যাতে করতে না পারে, সেজন্যও ব্যবস্থা নেওয়া হবে।"
টিসিবিকে জোট সরকারের সময় অকার্যকর করে রাখা হয়েছিলো অভিযোগ করে প্রধানমন্ত্রী এটিকে আবারও কার্যকর করা হবে বলে জানান।
অনেকে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, "যদি একটি গাছ লাগান হয়, সে গাছে ফল আসতেও কিছুদিন সময় লাগে। তারপরও সরকার কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়ে কিছুটা হলেও সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে।"
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও কিছু কিছু ছিনতাইসহ যেসব ঘটনা ঘটছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
সামাজিক অপরাধ দমনে শেখ হাসিনা দেশের সর্বস্তরের জনগণের সহায়তা চান।
বিদ্যুৎ সমস্যার কথা উলে
bdnews24