২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের প্রধান জামাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠেয় ঈদের প্রধান জামাতের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে মহানগর পুলিশ ও র‌্যাব। নজর রাখতে হাইকোর্ট লাগোয়া এ ময়দানে বসানো হয়েছে ১২টি সিসি ক্যামেরা। মহানগর পুলিশ সেখানে স্থাপন করেছে একটি নিয়ন্ত্রণ কক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠেয় ঈদের প্রধান জামাতের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে মহানগর পুলিশ ও র‌্যাব। নজর রাখতে হাইকোর্ট লাগোয়া এ ময়দানে বসানো হয়েছে ১২টি সিসি ক্যামেরা। মহানগর পুলিশ সেখানে স্থাপন করেছে একটি নিয়ন্ত্রণ কক্ষ। প্রধান এ জামাতের নিরাপত্তায় র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবে। চারদিকে টহল দেবে ছয়টি পিকআপ ও ১২টি মটরসাইকেল। রোববার সকালে মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় র‌্যাব-৩ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী এবং মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকালে র‌্যাব সদস্যরা মাইন সনাক্তকরণ যন্ত্র ও ডগ স্কোয়াড নিয়ে পুরো ঈদগাহ ময়দান পরীক্ষা করেন। শহিদুল হক সাংবাদিকদের বলেন, "ঈদের প্রধান জামাতে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না ঘটে বা সমস্যা না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই আমরা নিয়েছি। "বিপুল সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করবেন।" মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "ঈদের জামাতের সময় সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, মহিলা পুলিশসহ এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে।" র‌্যাব-৩ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার খালিদ শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাবের পোশাক ও সাদা পোশাকে প্রতিটি গেটে ১৫-২০ জন করে র‌্যাব সদস্য কাজ করবেন। এ ছাড়া ছয়টি পিকআপ ও ১২টি মটরসাইকেল অবিরত মাঠের চারদিকে টহল দেবে।" ঈদের দিন সকাল নয়টায় জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এজে/এসএইচ/১৯২৭ ঘ.