ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কেন্দ্রীয় কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের প্রতিবারের মতো এবারও কারাকর্তৃপক্ষ পোশাক দিচ্ছে।
থাকছে খেলাধুলাসহ আনন্দের বিশেষ ব্যবস্থা। তাদের মায়েদেরও দেওয়া হচ্ছে শাড়ি।
এ কারাগারে কোনও শিশুবন্দি না থাকলেও মায়েদের সঙ্গে রয়েছে ৪৮ শিশু। এর মধ্যে ১৮ বছরের কম বয়সী শিশু রয়েছে ১১ জন ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার কোনো শিশু বন্দি কারাগারে নেই। মায়েদের সঙ্গে যেসব শিশু আছে, তাদের জন্য দুঃস্থ তহবিল থেকে টাকা তুলে নতুন কাপড় কেনা হয়েছে। তাদের মায়েদের জন্যও শাড়ি কেনা হয়েছে।"
তিনি জানান, শিশুদের আনন্দ দেওয়ার জন্য ঈদের দিনে দাবা, লুডু ও ক্যারামবোর্ড খেলার সুযোগ থাকবে। বিশেষ খাবারের ব্যবস্থাতো থাকছেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এসএইচ/১৭২৫ ঘ.
bdnews24