ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবারের ঈদে বন্দিদের জন্য পায়েস, পোলাও, মাংস, ইলিশ মাছ ছাড়াও থাকছে কোমল পানীয় ও পান-সুপারি।
এবারই প্রথম কারাবন্দিদের পায়েস, কোমল পানীয় ও পান-সুপারি দেওয়া হচ্ছে।
আগে ঈদুল ফিতরের জামাতে যাওয়ার আগে তাদের সেমাই দেওয়া হলেও এবার পায়েস ও মুড়ি থাকবে।
জামাতের সময় বন্দিদের দিকে কারারক্ষীদের বিশেষ নজরদারিও থাকবে।
কারা মহা-পরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার আইনের মধ্যে থেকেই সর্বোচ্চ সুযোগ দেওয়ার মাধ্যমে কারাগারগুলোতে ঈদ উদযাপন করা হবে।"
"আগে কি হয়েছে তা নিয়ে আমরা কোনো আলোচনা করতে চাইনা," বলেন তিনি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের দিন সকালে খাবারের পর বেলা সাড়ে ১২ টার মধ্যে দুপুরের খাবার দেওয়া হবে।
তাতে থাকবে সাদা ভাত, ইলিশ মাছ ও আলুর দম।
রাতে থাকছে পোলাও, গরুর মাংস, (যারা গরুর মাংস খাবেন না তাদের জন্য থাকবে খাসির মাংস) সালাদ ও একটি করে ভুনা ডিম।
তিনি বলেন, "এবারই প্রথম প্রত্যেক বন্দিকে খাবার শেষে একটি কোমল পানীয়ের বোতল ও পান দেওয়া হবে।"
বন্দিদের তৈরি বেকারির জিনিস বিক্রির লভ্যাংশ দিয়ে এ কোমলপানীয় ও পান-সুপারি কেনা হচ্ছে বলে জানান তিনি।
তবে যারা বাড়তি কোল্ড ড্রিংস বা দই খেতে চান তারা নির্ধারিত কেন্টিন থেকে কিনতে পারবেন।
তৌহিদুল জানান, এছাড়াও ঈদের দিন ও তারপরের দুই দিন পরীক্ষা করে বন্দিদের আত্মীয়-স্বজনের পাঠানো খাবার ও পোশাক নেওয়া হবে।
এবার কেন্দ্রীয় কারাগারে দু'টি ঈদ জামাত হবে। সকাল আটটায় প্রথম ও ১০টায় দ্বিতীয় জামাত হবে।
শনিবার পর্যন্ত কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলো আট হাজার আটশ' ৭৫ জন।
কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আরও জানান, এবার ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় সারা দেশে চার শ' ৫৫ জন বন্দি মুক্তি পাচ্ছেন।
সরকার তাদের মুক্তি দিচ্ছে। এর মধ্যে লঘুদন্ড পাওয়া দু'শ চারজন। অন্যরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
তিনি জানান, যাবজ্জীবন সাজা পাওয়া বন্দিদের মধ্যে যাদের সাজার মেয়াদ ২০ বছর হয়েছে, তারাই এ সুযোগ পাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচ/১৭১২ ঘ.
bdnews24