রংপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে রংপুর সরকারি চিড়িয়াখানায় আনার পরপরই 'ওয়াটার বাক' প্রজাতির একটি হরিণ মারা গেছে।
বৃহস্পতিবার রাতে চিড়িয়াখানায় নামানোর পরপরই হরিণটি মারা যায়।
শুক্রবার বিকেলে গোপনে ওয়াটার বাকটির ময়নাতদন্ত করা হয়।
নির্ধারিত রোগ-জীবাণুমুক্ত গাড়ির বদলে সাধারণ পরিবহনে করে ঢাকা চিড়িয়াখানা থেকে আনার কারণে সেটির মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে রংপুর চিড়িয়াখানায় গত দুই মাসে বিরল প্রজাতির ইমু পাখি ও ময়ুরসহ ১৭টি প্রাণীর মৃত্যু হলো।
এ ছাড়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছে রয়েল বেঙ্গল টাইগার, শাম্বা হরিণ ও ওলিট বেবুন দম্পতিসহ আরও কয়েকটি প্রাণী।
ঈদ উপলক্ষে রংপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের আকৃষ্ট করতে ঢাকা চিড়িয়াখানা থেকে বিভিন্ন প্রজাতির পাঁচটি প্রাণী আনার উদ্যোগ নেওয়া হয় বলে জানান রংপুর চিড়িয়াখানার ইজারাদার আবুল হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও জানান, বৃহস্পতিবার রাতে একটি রয়েল বেঙ্গল টাইগার, একটি শাম্বা হরিণ, দুটি অলিভ বেবুন ও একটি ওয়াটার বাক ট্রাকে করে রংপুরে আনার পথে ওয়াটার বাকটি মারা যায়।
নাম প্রকাশ না করার শর্তে চিড়িয়াখানার এক কর্মচারি জানান, ঢাকার মীরপুর চিড়িয়াখানা থেকে একটি খোলা ট্রাকে করে প্রাণীগুলো রংপুর আনা হয়।
রাতেই সেগুলো ট্রাক থেকে রংপুর চিড়িয়াখানায় নামানো হয়। এর মধ্যে খাঁচা থেকে বের করার পরপরই ওয়াটার বাকটি মারা যায়। এ ছাড়া রয়েল বেঙ্গল টাইগারসহ অন্য প্রাণীগুলোও অসুস্থ হয়ে পড়েছে। সেগুলো নড়াচড়াও করতে পারছে না।
রংপুর চিড়িয়াখানার একাধিক কর্মকর্তা-কর্মচারি নাম প্রকাশ না করার শর্তে জানান, চিড়িয়াখানার নির্ধারিত রোগ-জীবাণুমুক্ত গাড়িতে করে এক চিড়িয়াখানা থেকে আরেক চিড়িয়াখানায় প্রাণী স্থানান্তর করার নিয়ম।
তবে এক্ষেত্রে খোলা ট্রাকে প্রাণীগুলো পরিবহন করায় বিভিন্ন জীবাণুতে আক্রান্ত হয়ে ওয়াটার বাকটি মারা যায়।
রংপুর চিড়িয়াখানার কিউরেটর রুহুল আমিন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে আনার পথেই ওয়াটার বাকটি মারা গেছে। খোলা ট্রাকে করে প্রাণীগুলো আনা হয়েছে কিনা আমি তা জানি না।"
প্রাণীগুলো ঢাকা চিড়িয়াখানা থেকে নিয়ে আসার সময় রংপুর চিড়িয়াখানার কোন চিকিৎসক বা কর্মকর্তা সঙ্গে ছিলেন না স্বীকার করে তিনি বলেন, "সাধারণত ঠিকাদাররাই এগুলো নিয়ে আসে। আর ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ওয়াটার বাকটির মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/২৩০১ ঘ.
bdnews24