২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন থেকে উদ্ধার অচেতন যাত্রীর হাসপাতালে মৃত্যু

কমলাপুর আসা নোয়াখালী এক্সপ্রেসের একটি বগি থেকে শুক্রবার সকালে এক অচেতন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাকে রেল হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 11:37 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলাপুর আসা নোয়াখালী এক্সপ্রেসের একটি বগি থেকে শুক্রবার সকালে এক অচেতন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাকে রেল হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। মৃতের পরিচয় পাওয়া যায়নি। তার সঙ্গে কোনও টাকা-পয়সা কিংবা কাগজপত্র না পাওয়ায় ধারণা করা হচ্ছে, 'অজ্ঞান' পার্টির কবলে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই যাত্রীর মৃত্যু হয়েছে। রেল পুলিশের সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, নোয়াখালী থেকে আসা ওই ট্রেনের একটি বগি থেকে সকাল সাড়ে ৮টার দিকে অচেতন ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে রেলওয়ে হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকরা বলছেন 'হার্টফেল' কারণে তার মৃত্যু হয়েছে। মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে ছিল চেক লুঙ্গি, ঘিয়ে রঙের ফুলশার্ট। এ বিষয়ে রেল পুলিশের (জিআরপি) সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম বাদি হয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। তার মৃত্যু যে 'অজ্ঞান পার্টি'র দ্বারা হয়েছে, তা স্বীকার করছে না পুলিশ। নজরুল বলেন, "অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েই যে তার মৃত্যু হয়েছে বিষয়টি এভাবে ভাবা হচ্ছে না। আর চিকিৎসকরাও বলছেন 'হার্টফেল'র কারণে তার মৃত্যু হয়েছে।" মৃতের তাহলে তার কাছে কোনও কাগজ বা টাকা না পাওয়ার বিষয়ে তিনি বলেন, "এটা হয়তো যারা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছেন তারাও নিয়ে নিতে পারেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৭২৫ ঘ.