২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যারেজে আগুনে পুড়লো ১১টি বাস

রাজধানীর উপকণ্ঠে সাভারে একটি গ্যারেজে শুক্রবার সকালে আগুনে ১১টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আনন্দপুর এলাকায় ট্রান্স মিলেনিয়াম কোম্পানি লিমিটেডের গ্যারেজে সকাল ৬টার দিকে ওই অগ্নিকাণ্ড হয়। দমকল বাহিনী আগুন নেভায়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এতে কেউ হতাহতও হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 07:55 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

সাভার (ঢাকা), সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উপকণ্ঠে সাভারে একটি গ্যারেজে শুক্রবার সকালে আগুনে ১১টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আনন্দপুর এলাকায় ট্রান্স মিলেনিয়াম কোম্পানি লিমিটেডের গ্যারেজে সকাল ৬টার দিকে ওই অগ্নিকাণ্ড হয়। দমকল বাহিনী আগুন নেভায়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এতে কেউ হতাহতও হয়নি। ট্রান্স মিলেনিয়াম কোম্পানির বাসগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। এগুলো মতিঝিল-সাভার রুটে চলে। দমকল বাহিনীর সাভার স্টেশনের কর্মকর্তা খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর সাড়ে ৬টার দিকে হঠাৎ বাসগুলোতে আগুন ধরে। খবর পেয়ে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।" গ্যারেজে থাকা আরও ১২টি বাস নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান। অগ্নিকাণ্ডের কারণের বিষয়ে খলিল বলেন, "কোনও গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তদন্ত করার পরই প্রকৃত কারণ জানা যাবে।" অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, "কী ভাবে এ আগুন লাগল, তার তদন্ত চলছে।" গ্যারেজ তদারককারী কর্মকর্তা বঙ্কিম চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্যারেজে রাতে নৈশপ্রহরী আতা ও জ্যোতিন্দ্র, বাসচালক চান মিয়া এবং অপর এক ব্যক্তি ছিল। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে কিছু বলতে তিনি রাজি হননি। আগুনের বিষয়ে যোগাযোগ করা হলে ট্রান্স মিলেনিয়াম কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনের খবর পেয়েছি। এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাইনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৪২ ঘ.