ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী নিহত হয়েছে।
বৃহস্পতিবার জেদ্দায় ওই দুর্ঘটনা ঘটে বলে সৌদি সংবাদপত্র আরব নিউজ জানিয়েছে।
নিহত বাংলাদেশীর নাম আব্দুল হক (২৭)। তবে প্রকাশিত খবরে তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
ওই দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত এবং ৪৭ জন আহত হন। নিহতদের দুইজন ভারতীয় এবং একজন পাকিস্তানি।
জেদ্দা ট্রাফিক পুলিশের শীর্ষ কর্মকর্তা কর্নেল মুহাম্মদ আল-কাহতানি আরব নিউজকে জানান, সৌদি অ্যারাবিয়ান পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানির (এসএপিটিসিও) বাসটি জেদ্দায় একটি পানির ট্যাংকের সঙ্গে ধাক্কা লাগে।
বাসযাত্রীদের অধিকাংশই মক্কায় পবিত্র শবে কদরের নামাজ শেষে ফিরছিলেন। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।
জেদ্দার স্বাস্থ্য বিভাগের পরিচালক ড. সামি বাদাউদ জানান, লাশগুলো কিং আব্দুল আজিজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্বের যে সব দেশে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে সৌদি আরব তার মধ্যে অন্যতম। সরকারি হিসেবে, সৌাদি আরবের রাস্তায় প্রতি মিনিটে একটি করে দুর্ঘটনা ঘটে।
দ্রুত গতিতে চালানো ছাড়াও দুর্ঘটনা বাড়ার পেছনে অন্যান্য গুরুত্বপূর্ণ কারণ হলো, ট্রাফিক আইন লঙ্ঘন, ক্লান্তি এবং কিছু কিছু ক্ষেত্রে গাড়ি চালানোর দক্ষতা না থাকা।
গত বুধবারও মক্কা-মদিনা সড়কে এক সড়ক দুর্ঘটনায় দুই আমেরিকান নিহত এবং সাতজন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২২০ ঘ.
bdnews24