পঞ্চগড়, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বৃহস্পতিবার একজন নিহত এবং অপর একজন আহত হয়েছে।
নিহত জাহিদুল ইসলাম (৪৩) ভারতীয় নাগরিক বলে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) দাবি করেছে।
এ ঘটনার পর সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে।
বিডিআর সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক আগ মুহূর্তে তেঁতুলিয়া সীমান্তের ৪৪২ নম্বর পিলারের পাশে তেঁতুলিয়া পুরাতন বাজার লক্ষ্য করে ভারতের হাফতিয়াগাছ বিএসএফ ফাঁড়ির সদস্যরা হঠাৎ করে গুলিবর্ষণ শুরু করে। এতে পুরাতন বাজার, জিয়ানগর, মোমিনপাড়া ও ছিদ্দিকনগরসহ কয়েকটি গ্রামের মানুষ আতংকে ছোটাছুটি শুরু করে দেয়। এমনকি গ্রামগুলোর অধিকাংশ বাসিন্দা ইফতার পর্যন্ত করতে পারেনি।
গ্রামবাসীরা জানায়, এ সময় জাহিদুল নামের ওই ব্যক্তি পিঠে ও হাতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ এলাকায় পালিয়ে আসে। খবর পেয়ে বিডিআর সদস্যরা ওই এলাকায় গিয়ে সতর্ক অবস্থান নেয় এবং জাহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া আটটার দিকে তার মৃত্যু হয়।
জাহিদুলের বাড়ি ভারতের দার্জিলিং জেলার ফাসিদেওয়া থানার মুড়িখাওয়া গ্রামে বলে সে জানিয়েছে।
মোমিনপাড়া গ্রামের আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে ইফতারের মাত্র কয়েক মিনিট আগে একনাগাড়ে গুলির শব্দ শুনে আমরা সবাই আতংকিত হয়ে পড়ি। পরে অন্যগ্রামে আশ্রয় নিয়ে ইফতার সারতে হয়েছে।
বিডিআর'র তেঁতুলিয়া কোম্পানী কমান্ডার আব্দুল জব্বার বলেন, "বিএসএফ বাংলাদেশী গ্রাম লক্ষ্য করে কমপক্ষে ৩০ রাউন্ড গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় আমরা প্রতিবাদ জানাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০৩৫ ঘ.
bdnews24