ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান সৌদি বাদশার আমন্ত্রণে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে সেদেশে যাচ্ছেন।
আগামী ২২ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রাষ্ট্রপতি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
জিল্লুর রহমান সৌদি আরবে নবনির্মিত বিশ্বের অন্যতম বড় বিশ্ববিদ্যালয় কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
২৩ সেপ্টেম্বর ওই উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি সৌদি বাদশার দেওয়া নৈশভোজে অংশ নেবেন। ২৪ সেপ্টেম্বর মক্কায় পবিত্র কাবা শরীফে নামাজ আদায়ের পর তিনি ওমরাহ পালন করবেন। ২৫ সেপ্টেম্বর মদীনায় মসজিদে নববীতে নামাজ আদায়ের পর নবীর কবর জিয়ারত করবেন জিল্লুর রহমান।
পবিত্র ওমরাহ পালন শেষে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রাষ্ট্রপতি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রপতির সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার ছেলে সাংসদ নাজমুল হাসান ও পরিবারের কয়েকজন সদস্য, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও তার সামরিক সচিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২১৩৬ঘ.
bdnews24