মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালুর চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
বিশেষজ্ঞরা বলছেন, এখনই উদ্যোগ নিলে দশম সংসদ নির্বাচনেই ই- ভোটিং চালু করা সম্ভব হবে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরীক্ষামূলকভাবে ডিসিসি'র একটি ভোটকেন্দ্রে বা ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির চালুর চিন্তা রয়েছে আমাদের। এর আগে এ পদ্ধতির ব্যবহার, কারিগরি দিক আমরা খতিয়ে দেখব।"
সিটি কর্পোরেশন আইন পাশ হলে আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে জানান এই নির্বাচন কমিশনার।
ততত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনের জন্য ই- ভোটিং আদর্শ পদ্ধতি- এতে সন্দেহ নেই। বাংলাদেশেও ম্যানুয়াল পদ্ধতি আর সম্ভব হবে না; একসময়এ পদ্ধতি চালু করতেই হবে। তবে ই- ভোটিং পদ্ধতি চালু'র আগেই অবশ্যই পরীক্ষামূলক প্রকল্প নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে।"
জাতীয় নির্বাচনে ই-ভোটিং পদ্ধতি ব্যবহারের আগে স্থানীয় নির্বাচনে বিশেষ করে ইউনিয়ন, পৌরসভা কিংবা সিটি করপোরেশনে ছোট্ট পরিসরে তা চালুর পরামর্শ দেন এ বিশেষজ্ঞ।
প্রতিবেশি কয়েকটি রাষ্ট্রে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালু রয়েছে। বাংলাদেশেও কয়েকটি সংগঠন নিজেদের নেতা নির্বাচনে এ পদ্ধতি চালু করেছে। নির্বাচন কমিশনেরও এ বিষয়ে আগ্রহ রয়েছে।
নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, "ব্যালট পেপার, ব্যলট বাক্স ব্যবহারে অনেক অর্থ খরচ হয়। নির্বাচন পরবর্তী সময়ে ব্যালট পেপার ও বাক্স ব্যবহার নিয়ে কারচুপিসহ নানা ধরণের অভিযোগের সুযোগ থেকে যায়। আগামীতে ইলেট্রনিক ভোটিংয়ের দিকেই আমাদের যেতে হবে।"
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যারয়ের (বুয়েট) ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কম্যুনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর পরিচালক এসএম লুৎফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ই- ভোটিংয়ের পদ্ধতি (ফার্মওয়্যার ও হার্ডওয়্যার) দেশেই তৈরি হচ্ছে। বিদেশি প্রযুক্তি ব্যবহারে ঝুঁকি থাকতে পারে। এ পদ্ধতি ব্যবহারের উদ্যোগ এখনই শুরু করলে আগামী সংসদ নির্বাচনে তা ব্যবহার করা যাবে।"
ইসির কাছে ই-ভোটিং সংক্রান্ত প্রতিবেদন (২০০৭ সাল) উপস্থাপন করা হয়েছে জানিয়ে লুৎফুল কবির বলেন, প্রায় ১৫০ কোটি ব্যয়ে এ পদ্ধতি সবখানে পৌঁছে দেয়া যাবে।
এতে ভোট গ্রহণ ও গণণায় নিরপেক্ষতা বজায় থাকবে। সাধারণ মানুষও খুব সহজেই ই-ভোটিং পদ্ধতি গ্রহণ করে নেবে বলে মন্তব্য করেন তিনি।
ই- ভোটিং পদ্ধতি চালুর আগে স্বদেশি না বিদেশি প্রযুক্তি ব্যবহার করা হবে তা নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করবে ইসি। এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, "প্রযুক্তি ব্যবহারে দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে। ই-ভোটিং চালুর বিষয়ে রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে। পাশাপাশি ভোটারদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএনএ/১৮৩৯ ঘ.
bdnews24