২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ চাঁদপুরে চিকিৎসক গ্রেপ্তার

এক রোগীর মারা যাওয়ার ঘটনায় ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে করা মামলায় চাঁদপুরে বুধবার রাতে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে শহরের তালতলা এলাকার বাড়ি থেকে ডা. মাকসুদা আক্তার ওরফে সীমা আহসানকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 11:45 AM

Updated : 07 Jul 2022, 06:40 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক রোগীর মারা যাওয়ার ঘটনায় ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে করা মামলায় চাঁদপুরে বুধবার রাতে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাত সাড়ে ১১টার দিকে শহরের তালতলা এলাকার বাড়ি থেকে ডা. মাকসুদা আক্তার ওরফে সীমা আহসানকে গ্রেপ্তার করা হয়।

ডা. মাকসুদা আক্তার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার মোল্লাবাড়ি রোডের 'ওয়েসিস আলট্রাসনোগ্রাম অ্যান্ড মাতৃছায়ায়' এবং তালতলায় 'ডা. সীমা হাসপাতাল' নামে তার নিজেরও দুটি ক্লিনিক রয়েছে।

বৃহস্পতিবার ডা. মাকসুদাকে চাঁদপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আব্দুল কাইয়ুম (ওসি) জানান, মৃত শিরতাজ বেগম (২০) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার চিতন্তর গ্রামের লোকমান হোসেন হাওলাদারের মেয়ে। চিকিৎসাধীন থাকার সময় তার অবস্থার অবনতি হলে ১৩ সেপ্টেম্বর তার লোকমান হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন শিরতাজ মারা যান। এর একদিন পর ১৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভুল চিকিৎসার অভিযোগ এনে চাঁদপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মোজাম্মেল হকের আদালতে একটি মামলা করেন। আদালত অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেয়।

মামলায় অভিযোগ করা হয়, গত ২০ আগস্ট শিরতাজ বেগম তলপেটে প্রচণ্ড ব্যথা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য চাঁদপুরে এলে এক রিকশাচালক তাকে শহরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি রোডের 'ওয়েসিস আলট্রাসনোগ্রাম এ্যান্ড মাতৃছায়ায়' নিয়ে যায়। সেখানে শিরতাজের বাবাকে ডা. মাকসুদা অতি দ্রুত অস্ত্রোপচারের কথা জানান।

তিনি শিরতাজকে তালতলা এলাকায় নিজ মালিকানাধীন ডা. সীমা হাসপাতালে নিয়ে যান এবং দুই চিকিৎসকের সহায়তায় তাকে অস্ত্রোপচার করেন।

২১ আগস্ট ডা. মাকসুদা রোগীকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। শিরতাজের অবস্থা খারাপ হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা তাকে ভর্তি করাতে আপত্তি জানায়। অনেক অনুরোধের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গত ১১ সেপ্টেম্বর তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে শিরতাজকে চাঁদপুর জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. সিরাজুল হক জানান তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সিরাজুল হক বলেন, "অ্যাপেন্ডিসাইটিস অপারেশনটি সঠিক হয়নি। এজন্য রোগীর অপারেশনের স্থানে পচন ধরে সে স্থান দিয়ে পুঁজ এবং প্রস্রাব ও মল বের হচ্ছিল।"

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাকসুদা আক্তার নামে বরিশাল মেডিকেল কলেজ থেকে পাস করা একজন চিকিৎসক রয়েছেন। তবে সীমা আহসান নামে কোনো চিকিৎসক রয়েছেন বলে আমার জানা নেই। অথচ তিনি তার চিকিৎসার সকল রেকর্ডপত্রে এ নাম ব্যবহার করে আসছেন।"

সিভিল সার্জন জানান, বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে।

ডা. শাহনেওয়াজ বলেন, শহরের তালতলা এলাকায় সীমার নিজের নামে যে ক্লিনিক দুটি রয়েছে তার কোনো অনুমোদন নেই। এছাড়া ক্লিনিক চালুর আগে যে আবেদন করতে হয় সে ধরনের কোনো আবেদনই করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭৩৭ ঘ.