২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পৃথক দু'টি ঘটনায় দু'জনকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার আশাশুনি ও দেবহাটা উপজেলায় মঙ্গলবার রাতে পৃথক দু'টি ঘটনায় দু'জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার আশাশুনি ও দেবহাটা উপজেলায় মঙ্গলবার রাতে পৃথক দু'টি ঘটনায় দু'জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরমধ্যে আশাশুনির কুল্যা এলাকায় বাকি টাকা চাওয়ায় হোটেল মালিক খায়রুন্নেছা বেগম (৪৫) এবং দেবহাটায় মাঝ পারুলিয়া গ্রামে কথিত মাছ চুরির অভিযোগে হিরো নিহত হন। এলাকাবাসীর বরাত দিয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবদুল হাই সরকার জানান, কুল্যা সিনেমা হলের পাশে এলাকার জয়নুদ্দীন সরদারের স্ত্রী খায়রুন্নেছা বেগমের একটি হোটেল আছে। আব্দুল মালেক নামের একজনের কাছে তার কিছু টাকা পাওনা ছিল। তিনি বলেন, মঙ্গলবার রাতে এই টাকা চাইলে আব্দুল মালেকের সঙ্গে খায়রুন্নেসার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদার কাওসার আলীসহ আব্দুল মালেক হোটেলের ভেতর লোহার খুন্তি ও জ্বালানি কাঠ দিয়ে পিটিয়ে খায়রুন্নেছাকে হত্যা করে। রাতেই পুলিশ হোটেল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে খায়রুন্নেছার ছেলে মাহমুদুল ইসলাম বাদী হয়ে বুধবার আব্দুল মালেক ও কওসার আলীর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও ওসি জানান। এদিকে একই রাত ১১টার দিকে দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে হিরোকে মাছ চুরির অভিযোগে একটি চিংড়ি ঘেরের পাহারাদাররা মারধর করলে বুধবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। চিংড়ি ঘের মালিক মোস্তফার বরাত দিয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হক জানান, মোস্তফার চিংড়ি ঘেরে মাছ চুরি করতে গেলে হিরো গনপিটুনির শিকার হয়। মারাত্মক আহত অবস্থায় সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে বুধবার সকালে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১০ ঘ.