২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন উজাড়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজারে ঝাউবন উজাড়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সঙ্গে সরকারি দল আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজারে ঝাউবন উজাড়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সঙ্গে সরকারি দল আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার দুপুরে 'জাতীয় পরিবেশ কমিটির' তৃতীয় বৈঠকে শেখ হাসিনা এই নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। দীর্ঘ একযুগ পর এ কমিটির বৈঠক হয়। ১৯৯২ সালে জাতীয় পরিবেশ কমিটি গঠন করা হয়। এরপর ১৯৯৭ সালের ৪ মে কমিটির দ্বিতীয় বৈঠক হয়। মঙ্গলবার তৃতীয় বৈঠক হলো। কয়েকদিন আগে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের কুরেরমুখ সৈকতের ছয় বর্গ কিলোমিটার এলাকার ঝাউ গাছ নিধন করা হয়। উপকূলীয় বন বিভাগের টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা গোলাম মোস্তফা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, গত কয়েকদিনে যে পরিমাণ গাছ উজাড় হয়েছে তা চোখে পড়ার মতোই। আরেক কর্মকর্তা বলেছিলেন, বলতে গেলে সৈকতের সমস্ত ঝাউ বাগানই শেষ। জাতীয় পরিবেশ কমিটির বৈঠকের পর আবুল কালাম আজাদ বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, কক্সবাজারে যারা বন উজার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার সঙ্গে নিজ দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।" বৈঠকে প্রধানমন্ত্রী নদী থেকে বালি উত্তোলনের নীতিমালা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে নিদের্শ দিয়েছেন। ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ পর্যালোচনা ও করণীয় সম্পর্কে আলোচনায় তিনি রাজধানীর চারপাশে ওয়াকওয়ে নির্মাণ এবং বৃক্ষরোপনের কথা বলেছেন বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি বলেন, "সরকারি জমি যাতে বেদখল না হয়ে যায়, সে জন্য সতর্ক হতে বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও বর্জ্য ব্যবহার করে কীভাবে বিদ্যুৎ ও সার উৎপাদন করা যায় তাও খতিয়ে দেখতে বলেছেন তিনি।" বৈঠকে প্রতিটি হাউজিং প্রকল্পে জলাধার রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন কোন অঞ্চলে শিল্পাঞ্চল হবে তা নির্দিষ্ট করে দেওয়ার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন। উচু ভবন নির্মাণের ক্ষেত্রে যথাযথ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, বিদ্যুৎ ও অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেছেন। ২০১০ সালের জুন মাসের মধ্যে শিল্প-প্রতিষ্ঠানগুলোতে বর্জ্য শোধনাগার স্থাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, ভূমিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এম আবদুল করিম, সাংসদ সাবের হোসেন চৌধুরী, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। নেদারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাত নেদারল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত এ জে এ এম জি হেনিকেন্স বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। এসময় দু'দেশের স্বার্র্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। হেনিকেন্স প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বলে জানান আবুল কালাম আজাদ। বাংলাদেশে আরও বিনিয়োগ এবং পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ড সরকারের সহযোগিতা চান শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী জানান, তার সরকার কর ন্যায়পাল নিয়োগের চিন্তা ভাবনা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/১৮৫১ ঘ.