ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রাজনৈতিক হয়রানিমূলক' বিবেচনায় আরও ১২৩টি মামলা প্রত্যাহার করছে সরকার।
মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির ৭ম বৈঠকে বুধবার এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
এ নিয়ে কমিটি সাত দফায় মোট ৫৭৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করল। এর প্রায় সবই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা।
বুধবারের বৈঠকে মোট ২৪১টি মামলা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে দণ্ডবিধির ২২৫টি এবং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ১৬টি।
প্রতিমন্ত্রী বলেন, "দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ৭টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে। প্রত্যাহার যোগ্য নয় বলে বিবেচিত হয়েছে ৯টি মামলা।"
প্রতিমন্ত্রী জানান, দণ্ডবিধির ১১৬টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। ৩৪টি প্রত্যাহার যোগ্য নয় বলে নামঞ্জুর করা হয়েছে এবং ৭৫টি মামলা পর্যালোচনার জন্য রাখা হয়েছে।
গত ১২ জুলাই (সোমবার) মামলা প্রত্যাহারের আবেদন করার শেষ সময় ছিল।
বুধবার প্রত্যাহারের সুপারিশ করা মামলার মধ্যে রয়েছে চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক সাংসদ শামীম ওসমান, তবিবুর রহমান, হাজি সেলিমের মামলা। জাতীয় পার্টির নেতা নাসিম ওসমানের একটি মামলাও রয়েছে।
বিরোধী দলের নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার না হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া, ও তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের প্রকৃত অর্থে রাজনৈতিক হয়রানিমূলক কোনও মামলা প্রত্যাহারের আবেদন এলে কমিটি তা ইতিবাচক দৃষ্টিতেই বিবেচনা করবে।
"তবে সবাইকে সমান্তরালভাবে দেখাটা ঠিক হবে না", একইসঙ্গে বলেন তিনি।
বিএনপি নেতাদের মধ্যে শুধু মওদুদ আহমেদের একটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। দলটি অভিযোগ করছে, মামলা প্রত্যাহারের ক্ষেত্রে সরকার একচোখা নীতি অবলম্বন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৫২০ ঘ.
bdnews24