২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার শুধু পূর্বাচল প্লট বরাদ্দের লটারি

রাজউকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের লটারির ড্র হবে বৃহস্পতিবার। তবে এদিন উত্তরা প্রকল্পের প্লটের লটারি হবে না। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "আগামীকাল (বৃহস্পতিবার) শুধু পূর্বাচল প্রকল্পের চারটি ক্যাটাগরিতে প্লট বরাদ্দের লটারির ড্র হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 06:41 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজউকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের লটারির ড্র হবে বৃহস্পতিবার। তবে এদিন উত্তরা প্রকল্পের প্লটের লটারি হবে না। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "আগামীকাল (বৃহস্পতিবার) শুধু পূর্বাচল প্রকল্পের চারটি ক্যাটাগরিতে প্লট বরাদ্দের লটারির ড্র হবে।" সকাল ১১টায় রাজধানীর ওসমানী মিলনায়তনে লটারির ড্র হবে। যে চারটি শ্রেণীর লটারির ড্র হবে, সেগুলো হচ্ছে- বিচারপতি, মুক্তিযোদ্ধা, প্রবাসী এবং শিল্পী-সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদ। তবে এর মধ্যে বিচারপতিদের মধ্যে যারা আবেদন করেছেন, তারা সবাই প্লট পাবেন বলে প্রতিমন্ত্রী জানান। এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছিল, বৃহস্পতিবার উত্তরা ও পূর্বাচল উভয় প্রকল্পের প্লট বরাদ্দের লটারি হবে। প্রবাসীদের জন্য ১০ শতাংশ, মুক্তিযোদ্ধাদের জন্য ৫ শতাংশ এবং শিল্পী-সংস্কৃতিকর্মী-ক্রীড়াবিদদের জন্য ৩ শতাংশ প্লট সংরক্ষিত। পূর্বাচল প্রকল্পে মোট প্লটের সংখ্যা ১৭ হাজার ৫০০টি। এর মধ্যে আগের সরকারগুলো বরাদ্দ দেওয়ার পর ৬ হাজার প্লট বরাদ্দ বাকি রয়েছে। বর্তমান সরকার তা বরাদ্দ দিচ্ছে। রাজউক কর্মকর্তারা জানান, দুটি প্রকল্পে প্লটের জন্য মোট ১ লাখ ৬৫ হাজার আবেদন জমা হয়। তবে আবেদনপত্রে ত্র"টির কারণে অনেক আবেদন বাতিল হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান। বাকি শ্রেণীর প্লট বরাদ্দ কখন হবে- জানতে চাওয়া হলে মান্নান খান বলেন, "আবেদনপত্রগুলো যাচাই-বাছাই করছে বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)। তারা তা শেষ করলে দ্রুতই বাকি প্লট বরাদ্দের লটারি হবে।" ড্রতে যারা প্লট পাবেন না তাদের টাকা দ্রুত ফেরত দেওয়া হবে বলেও রাজউক কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১২২৩ ঘ.