ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে মঙ্গলবার আটজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদের কেউ ঢাকায় আসার পথে আবার কেউবা ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সর্বস্ব খুইয়েছেন।
তাদের মধ্যে সংজ্ঞাহীন থাকায় দু'জনের পরিচয় জানা যায়নি।
ঈদ-পূজা উপলক্ষ্যে রাজধানীতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হলেও অজ্ঞানপার্টি আর ছিনতাইয়ের শিকার মানুষের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অজ্ঞান পার্টির সদস্যদের ধরার জন্য ঢাকা মহানগর পুলিশ সজাগ রয়েছে। তবে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।"
তিনি দাবি করেন, "বেশিরভাগ ক্ষেত্রেই কোন ব্যক্তি ঢাকার বাইরে অজ্ঞান পার্টির খপ্পড়ে পরে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ঢাকায় এসে অসুস্থ হয়ে পড়েন।
ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংজ্ঞাহীন অবস্থায় তাদের উদ্ধার করা হয়।"
তিনি জানান, মঙ্গলবারও অজ্ঞান পার্টির কয়েক সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।
দোহারের জয়পাড়ার জুতা ব্যবসায়ী (নাদিয়া সুজ) হাবিবুর রহমান (৩৭) ঢাকা এসেছিলেন ঈদ উপলক্ষ্যে পাইকারি দরে জুতা সংগ্রহ করতে।
কিন্তু তিনি এখন সর্বস্ব খুইয়ে অচেতন অবস্থায় ভর্তি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
অজ্ঞান পার্টির সদস্যরা হাবিবের কাছ থেকে প্রায় এক লাখ টাকা লুটে নিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গুলিস্তান এলাকা থেকে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় একই সময়ে শফিক নামে একজন পথচারি শাহবাগ মোড় থেকে সংজ্ঞাহীন অবস্থায় রতন (২৫) ও অজ্ঞাত পরিচয় (৪৫) আরেকজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ধারণা করা হচ্ছে, তারা অজ্ঞান পার্টির শিকার হয়েছে।
রাত নয়টার দিকে ফার্মগেটের খামারবাড়ি পুলিশবক্সের পাশ থেকে অচেতন অবস্থায় ইউনুস মৃধা (৪৫) নামে সিএনজি চালিত স্কুটারের এক চালককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া মতিঝিল থেকে মঙ্গলবার বিকেল ৪ টার দিকে অজ্ঞাত পরিচয় (৩৫) কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে মতিঝিল থানার পুলিশ।
বিকেল সাড়ে ৫টার দিকে বাংলামটর থেকে অচেতন অবস্থায় জাহাঙ্গীর আলমকে (২৪) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন কয়েকজন ব্যবসায়ী। জাহাঙ্গীর মটর পার্টসের ব্যবসা করেন।
রাত ১০টার দিকে গুলিস্তানে প্রভাতী বাস কাউন্টারের কাছ থেকে সৈয়দ ফখরুল আমিনকে (৫০) কে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তার ভাগ্নে মামুন।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হাই (৪৫) গোপালগঞ্জের মকসুদপুর থেকে ঢাকা আসার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন। রাতে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন পথচারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এসএইচ/০০০৮ ঘ.
bdnews24