ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, ভারতে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সত্ত্বেও দু'দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ক্রমেই বাড়ছে।
মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)এর সম্মেলন কেন্দ্রে 'এক্সিবিশন-কাম বায়ার-সেলার মিট' শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বাংলাদেশ-ভারতের পাঁচ বছরের বাণিজ্য ঘাটতির তুলনামূলক চিত্র তুলে ধরে পিনাক রঞ্জন বলেন, "পাঁচ বছর আগেও দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ছিল ৬০ মিলিয়ন ডলার, যা বর্তমানে ৩০০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই ঘাটতি শুধু ভারতের সঙ্গেই নয় আরো বেশ কয়েকটি দেশের সঙ্গেও হয়েছে।"
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে সেদেশের একটি রপ্তানি উন্নয়ন কাউন্সিল (যা কেমিকেল অ্যান্ড অ্যালায়েড প্রোডাক্টস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল বা ক্যাপেক্সিল নামে পরিচিত) এ প্রদর্শনীর আয়োজন করে।
বাংলাদেশী ৪৮০টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহারের কথা জানিয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, "তবে পণ্য আমদানির ক্ষেত্রে প্রত্যেককেই স্থানীয় ট্যাক্স ও মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে।"
আন্তর্জাতিক মান সম্পন্ন পণ্য রপ্তানির লক্ষ্যে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর আধুনিকায়নেরও পরামর্শ দেন তিনি।
রপ্তানিমুখী পণ্য বিশেষ করে খাদ্যসামগ্রীর মান যাচাইয়ের কাজে ভারত বিএসটিআইকে বিশেষজ্ঞ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে বলেও পিনাক রঞ্জন জানান।
ভারতীয় এই কূটনীতিক বলেন, "ভ্রাম্যমান আদালতের অভিযান সম্পর্কে পত্রপত্রিকায় পড়ে আমি জানতে পেরেছি, বাংলাদেশের বাজারে ভেজাল খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে।"
তিনি বাংলাদেশকে একটি 'সম্ভাবনাময় বাজার' হিসেবে অভিহিত করে ভারতীয় প্রতিনিধিদলকে এদেশে যৌথ উদ্যোগে বিনিয়োগেরও আহ্বান জানান।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ভারতের সঙ্গে বিরাজমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার সরকারি প্রচেষ্টার কথা তুলে ধরেন।
পাশাপাশি ভারতের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, "শিল্পক্ষেত্রে কাঁচামালের ৪০ শতাংশই ভারত থেকে আমদানি হয়ে থাকে।"
তিনি জানান, বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী দেশের কৃষি, বস্ত্র, রসায়ন ও প্রকৌশল খাতে ভারতের ৪৬০ মিলিয়ন ডলার বিনিয়োগের ১৮১টি মূল্যায়ন প্রস্তাবনা বিবেচনাধীন।
৫৭টি ভারতীয় প্রতিষ্ঠান বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিশ্ব বাণিজ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বাণিজ্যিক গ্র"প গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে দীপঙ্কর তালুকদার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আরো শক্তিশালী করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন।
ক্যাপেক্সিলের এই প্রদর্শনীতে সম্ভাব্য ক্রেতাদের কাছে ভারতে উৎপাদিত বিভিন্ন পণ্যের গুণগতমান তুলে ধরা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএল/এইচএ/২১৫০ ঘ.
bdnews24