নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ শহরের বন্দর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে মঙ্গলবার দুপুরে স্পিড বোট উল্টে সিরাজুল ইসলাম (৪২) নামে নৌবাহিনীর একজন পেটি অফিসার নিখোঁজ রয়েছেন।
তার খোঁজে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ'র ডুবুরি দলসহ র্যাব ও পুলিশ নদীতে তল্লাশি চালাচ্ছে।
এ ঘটনায় আহত হয়েছেন পেটি অফিসার রেজাউল করিম (৪০) ও শ্রমিক স্বাধীন (৪২)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বন্দর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, প্রশিক্ষণের অংশ হিসেবে নৌবাহিনীর দুই কর্মকর্তা এবং একজন শ্রমিক বন্দর উপজেলার সোনাকান্দায় অবস্থিত নৌবাহিনী পরিচালতি ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস থেকে দুপুর ১টার দিকে স্পিড বোট নিয়ে শীতলক্ষ্যা নদী অতিক্রম করে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালের দিকে আসছিলেন। বন্দর খেয়াঘাট এলাকায় আসার পর স্পিড বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পেটি অফিসার রেজাউল করিম ও শ্রমিক স্বাধীন সাঁতরে তীরে উঠতে পারলেও অপর পেটি অফিসার সিরাজুল ইসলাম নিখোঁজ রয়েছেন।
ওসি জানান, বিকেল ছয়টা পর্যন্ত নৌবাহিনীর কর্মকর্তা সিরাজুলকে উদ্ধার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ.
bdnews24