প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ফেব্রুয়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচার বিডিআর আইনে এবং পিলখানায় হত্যা ও লুণ্ঠনের বিচার দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। আইনমন্ত্রী শফিক আহমেদ সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়ে বলেছেন, এ বছরই বিচার প্রক্রিয়া শুরু হবে।
বেলা ১২টার দিকে বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, বিডিআরের ঘটনায় গঠিত সিআইডি'র তদন্ত দল অল্প কয়েকদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। অক্টোবরের শেষের দিকে মামলার অভিযোগ গঠন হবে। আর বিচার প্রক্রিয়া শুরু হবে নভেম্বর থেকে।
প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সরকারের সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ন্যায় বিচার সম্ভব নয়। সাধারণ আইনে বিচার হলে তা নিশ্চিত হত।
আইনমন্ত্রী বলেন, "বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় কোন আইনে বিচার করা হবে এই নিয়ে সবার মধ্যে প্রশ্ন ছিল। আজকের বৈঠকে এই প্রশ্নের অবসান হয়েছে।
শফিক বলেন, "ঢাকার বাইরে যে বিদ্রোহের ঘটনা ঘটেছে, সেটা বিডিআর'র নিজস্ব আইন অনুযায়ী বিডিআরের মহাপরিচালক ঢাকার বাইরে যেখানে যেখানে বিদ্রোহ হয়েছে সেখানে আদালত গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করবেন।"
"যে আইনেই বিচার হোক না কেন, বিচার স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে। অভিযুক্তরা আইনজীবী নিয়োগসহ আত্মপক্ষ সমর্থন করতে পারবেন", বলেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, "ওই ঘটনায় যে সব বেসামরিক ব্যক্তি জড়িত রয়েছেন তাদের বিচার করা হবে দণ্ডবিধি অনুযায়ী।"
ভবিষ্যতে বিডিআরে এ ধরনের বিদ্রোহ হলে তার বিচার যেন সেনা আইনে করা যায়, তার একটি প্রস্তাব এসেছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ১৯৫২ সালের সেনা আইনের ৫ ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী সময় পর্যন্ত এ ধরনের ঘটনার বিচার সেনা আইনে করা হবে।
সরকারের অনুমোদন ছাড়াই বিডিআর প্রধানের নতুন পোশাক পরা এবং নতুন নাম ব্যবহার করার বিষয়টি তুলে ধরে এর পরও তার (বিডিআরের বর্তমান প্রধান) কাছে নিরপেক্ষ বিচার আশা করা যায় কি না- সাংবাদিকদের এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে আইন মন্ত্রী বলেন, "আইন অনুযায়ী সব কিছু হবে।"
আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে হওয়া ওই বৈঠকে আইনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার, আইন সচিব কাজী হাবিবুল আওয়াল।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিডিআর বিদ্রোহের মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারররফ হোসেন কাজল ও বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামও বৈঠকে ছিলেন।
'বিডিআর রেফারেন্স' নিয়ে সুপ্রিম কোর্টের মতামত পাওয়ার পর সরকার এর বিচার প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নিয়েছে। সেনা আইনে বিডিআর বিদ্রোহের সম্ভব নয় বলে সুপ্রিম কোর্ট মত দেয়।
রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের ওপর শুনানি শেষে গত বৃহস্পতিবার মতামত পাঠায় সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতির কার্যালয় থেকে রোববার তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
গত ফেব্রুয়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। এর বিচার প্রক্রিয়া নিয়ে গত ২৭ জুলাই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ১৭ আগস্ট বিডিআর রেফারেন্সটি সুপ্রিম কোর্টে পাঠান। বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িতদের বিচার সেনা আইনে করা যাবে কিনা রেফারেন্সে সে বিষয়ে আপিল বিভাগের মতামত চাওয়া হয়।
এতে আরও জানতে চাওয়া হয়েছে, যদি সেনা আইনে না করা যায়, সে ক্ষেত্রে সেনা আইনের ৫ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে জড়িতদের বিরুদ্ধে ওই আইন প্রয়োগ করা যাবে কিনা।
রেফারেন্সের শুনানিতে সহায়তার জন্য আদালত 'আদালত বন্ধু' হিসেবে ১০ সিনিয়র আইনজীবীর পরামর্শ শোনে।
এরা হলেন- ড. কামাল হোসেন, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, রফিক উল হক, টি এইচ খান, আমীর উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, মাহমুদুল ইসলাম, এ এফ হাসান আরিফ ও এ এফ এম মেসবাহউদ্দিন।
এর মধ্যে অধিকাংশই বলেন, প্রজ্ঞাপন জারি করে সেনা আইনে ফেব্রুয়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচার সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৩০০ ঘ.
bdnews24