২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪০ টাকা কেজি দরে চিনি বিক্রি করবে সিটি কর্পোরেশন

চট্টগ্রাম মহানগরীতে মঙ্গলবার থেকে ৪০ টাকা কেজি দরে চিনি বিক্রি করবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। নগরীর ১০০ টি স্থানে নায্যমূল্যে এ চিনি বিক্রি করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. শামসুদ্দোহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীতে মঙ্গলবার থেকে ৪০ টাকা কেজি দরে চিনি বিক্রি করবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। নগরীর ১০০ টি স্থানে নায্যমূল্যে এ চিনি বিক্রি করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. শামসুদ্দোহা। মো. শামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর ৪১ টি ওয়ার্ড কার্যালয় এবং সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর ঘনবসতিপূর্ণ এলাকায় চিনি বিক্রি করা হবে। জনপ্রতি দিনে ২ কেজি করে চিনি কিনতে পারবেন। ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে সিটি কর্পোরেশন সচিব বলেন, ঈদের আগের দিন পর্যন্ত চিনি বিক্রি করা হবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, চট্টগ্রামে সদ্য স্থাপিত এস আলম সুগার মিল থেকে এ চিনি কিনে বাজারে বিক্রি করা হবে। মিলটি মঙ্গলবার থেকেই তাদের উৎপাদিত চিনি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া শুরু করছে। সিটি কর্পোরেশন কমদামে বিক্রির উদ্যোগ নেওয়ায় চিনির দাম বাড়া কিছুটা নিয়ন্ত্রণে থাকবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার চট্টগ্রামের খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৬৪ টাকা দরে। একদিন আগেই তা ছিলো ৬৫ টাকা। রেয়াজুদ্দিন বাজারের খুচরা বিক্রেতা কামাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি কর্পোরেশন খুচরা চিনি বিক্রি করবে এ ঘোষণার পর দাম কেজিপ্রতি এক টাকা কমেছে। সোমবার থেকে তা আরও কমতে পারে। তবে চট্টগ্রামে চিনির পাইকারি বাজার আগের মতোই চড়া। সোমবার খাতুনগঞ্জের পাইকারি বাজারে প্রতি মণ (৩৭ দশমিক ৫ কেজি) চিনির ডিও (ডেলিভারি অর্ডার) হাতবদল হয়ে বিক্রি হয়েছে ১৬৫০ টাকায় যা রোববারের চেয়ে মাত্র ২০ টাকা কম। অন্যদিকে মিল গেটে ছাড়ের অপেক্ষায় থাকা ('রেডি মাল') পরিশোধিত চিনির প্রতি মণ ডিও বিক্রি হয়েছে ২১০০ টাকায়। সে হিসেবে প্রতি কেজি চিনির পাইকারি দরই দাঁড়িয়েছে ৫৬ টাকা। এর বাইরে মঙ্গলবার থেকে বাজারে আসার অপেক্ষায় থাকা এস আলম সুগার মিলের চিনির প্রতি মণ ডিও দর ছিল ১৯৫০ টাকা। খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী মো. সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিটি কর্পোরেশনের উদ্যোগে খোলা চিনি বিক্রির ফলে চট্টগ্রামের বাজারে চিনির দাম কমতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসকে/২১০৪ঘ.