২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে দুটি পোশাক কারখানায় কর্মবিরতি

বেতন ও ঈদ বোনাসের দাবিতে সোমবার গাজীপুরে দুটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে। পুলিশের উপস্থিতিতে মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেতন ও ঈদ বোনাসের দাবিতে সোমবার গাজীপুরে দুটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে। পুলিশের উপস্থিতিতে মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। গাজীপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (শিল্পাঞ্চল) মো. মনোয়ার হোসেন জানান, সোমবার সকালে চলতি মাসের ১৫দিনের বেতন ও ঈদ বোনাস নিয়ে গাজীপুর সদরের কাশিমপুরের সুরাবাড়ির জারা কম্পোজিট কারখানার ব্যবস্থাপকের (উৎপাদন) সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা তাকে লাঞ্ছিত এবং দাবি আদায়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন। এএসপি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দুপুর দেড়টার দিকে মালিক-শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসে। বৈঠকে কর্তৃপক্ষ বিজিইএমএ'র নিয়মানুযায়ী পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়। অপরদিকে সদর উপজেলার কোণাবাড়ি আমবাগ এলাকার সিদ্দিক ফ্যাশন নামের পোশাক কারখানার শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করে। কোণাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইউসুফ আলী জানান, খবর পেয়ে পুলিশ সিদ্দিক ফ্যাশনের কারখানায় যায় এবং কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করে। কারখানা কর্তৃপক্ষ ১৭ সেপ্টেম্বর বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কাজে ফিরে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.