ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালের ২৫ জানুয়ারির মধ্যে কোনো রাজনৈতিক দল তাদের সংশোধিত গঠনতন্ত্র জমা না দিলে নির্বাচন কমিশন(ইসি) তাদের নিবন্ধন বাতিল করতে পারবে।
এর আগে ইসি সংশ্লিষ্ট দলকে কারণ দর্শানোর নোটিশ দেবে।
সোমবার মন্ত্রিপরিষদের ৩৯-তম বৈঠকে প্রস্তাবিত 'গণপ্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধন) আইন ২০০৯' এ অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধন) আইন- ২০০৯ অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, "এক বছরের মধ্যে নিবন্ধন করতে না পারলে দলের নিবন্ধন বাতিল হবে।
"তবে, প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন কিছুটা নমনীয় হবে। কমিশন চিঠি দিয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের নিবন্ধন বাতিলের বিষয়টি জানাবে।"
বিদ্যমান আইনে নবম সংসদের প্রথম অধিবেশন শুরুর (২৫ জানুয়ারি) পর ছয় মাসের মধ্যে স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিলো।
সোমবার মন্ত্রিপরিষদে অনুমোদিত সংশোধনীতে ছয় মাসের জায়গায় এক বছর করা হয়েছে।
এ অনুসারে আগামী বছরের ২৫শে জানুয়ারি পর্যন্ত স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময় পাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির।
প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত ২৫ জুলাই।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত বর্তমান ইসি দেশে প্রথম রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেয়।
তবে জরুরি অবস্থার কারণে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের শর্ত পূরণে নতুন গঠনতন্ত্র চূড়ান্ত করতে না পারায় আইনে স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে নির্বাচনের পর তাদের ছয় মাস সময় দেওয়া হয়।
সোমবারের মন্ত্রিপরিষদের বৈঠকে 'জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০০৯' এর খসড়াও অনুমোদন করা হয়েছে।
এ প্রসঙ্গে আবুল কালাম আজাদ বলেন, "তত্ত্বাবধায়ক সরকার তাদের সময় জাতীয় পরিচয়পত্রের জন্য একটি অধ্যাদেশ জারি করে।
"নির্বাচনের পর জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অধ্যাদেশটি সংসদে উত্থাপন করা হলেও তা অনুমোদন করা হয়নি। এই জন্যই এই খসড়া আইন প্রনয়ণ করা হয়।"
তিনি আরও বলেন, "এই খসড়া আইন অনুসারে নির্বাচন কমিশন নিবন্ধন করতে এবং তা বাতিল করতে পারবে। একাধিক ও জাল পরিচয়পত্র এবং ভুল তথ্যের জন্য শাস্তিরও ব্যবস্থা করতে পারবে নির্বাচন কমিশন ।
আবুল কালাম আজাদ জানান, বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ২০০৯-১০ অর্থ বছরের বরাদ্দ কার্যকর করার নীতি ও কৌশলগুলো অনুমোদন করা হয়েছে।
তিনি বলেন, "এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিনিয়োগের জন্য আরো উন্নয়নের ওপর জোর দিয়ে বলেছেন, গত সাত বছর বিনিয়োগ খাতে স্থবিরতা ছিলো। এ থেকে বেরিয়ে আসতে হবে। বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে।"
আজাদ বলেন, বাজেটে পিপিপি'র জন্য দু'হাজার ৫০০ কোটি টাকা রাখা হয়েছে।
এছাড়া, সংশ্লিষ্ট কাজের জন্য ইউনিট গঠন, নীতিমালা ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার, বাজেটে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের বরাদ্দ, বিনিয়োগকারীকে রাজস্ব প্রণোদনা দেওয়ার উদ্যোগ এবং নতুন পিপিপি সম্পর্কে প্রচারের কথা বলা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্লান-২০০৯ অনুমোদন করা হয়েছে।
গত ২ ফেব্র"য়ারি এটি মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপিত হয়। পরে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের নেতৃত্বে ১৮ সদস্যের কমিটি তা যাচাই-বাছাই করার পর ফের সোমবারের বৈঠকে উত্থাপন করা হয়।
এখানে জলবায়ু বিপর্যয়ে আন্তর্জাতিক সাহায্যের কথা বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এসএইচ/২০১৫ ঘ.
bdnews24