মৌলভীবাজার, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মৌলভীবাজারে এক ব্যক্তির সোয়াইন ফ্লু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
একটি বেসরকারি প্যাথলজিক্যাল পরীক্ষাগারে পরীক্ষার পর হাসান (২৭) নামে ওই ব্যক্তির সোয়াইন ফ্লু রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই পরীক্ষাগারের একজন প্যাথলজিস্ট সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "রোববার রাত আটটার দিকে ওই রোগী আমাদের ল্যাবরেটরি থেকে রিপোর্ট নিয়ে যায়।"
মৌলভীবাজারের সিভিল সার্জন পারিজাত কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি মৌলভীবাজারে সোয়াইন ফ্লু শনাক্তের প্রথম ঘটনা। শহরের একটি বেসরকারী ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষার পর ওই রোগীর দেহে সোয়াইন ফ্লু শনাক্ত হয়। রোগী শনাক্ত হওয়ার পর ল্যাবরেটরি কর্তৃপক্ষ বিষয়টি আমাকে জানিয়েছে। তবে রোগী বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানা সম্ভব হয়নি।"
ওই রোগীকে খুঁজে বের করে যথাযথ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান সিভিল সার্জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/১৯৪২ ঘ.
bdnews24