মেহেরপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলা বাজারে শনিবার রাতে এক পান ব্যবসায়ীকে লক্ষ্য করে বোমা মারার পর গণপিটুনিতে মারা গেছেন হামলাকারী।
নিহত শিমুল (২৫) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল লাল পতাকা) সদস্য ছিলেন। চাঁদা চেয়ে না পাওয়ায় এই হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহত পান ব্যবসায়ী সাহাজুল ইসলামকে (৩৯) প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বোমার আঘাতে তার পিঠ ক্ষতবিক্ষত হয়ে গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিয়া জানান, শনিবার রাতে গাংনী বাজার এলাকায় ভিড়ের মধ্যে পান ব্যবসায়ী সাহাজুলকে লক্ষ্য করে বোমা মারে শিমুল। সাহাজুল উপজেলার নওয়াপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
এ ঘটনার পর লোকজন শিমুলকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়। রোববার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি জানান, শিমুল গাংনী উপজেলার শিশিরপাড়ার ভ্যানচালক সামাদ আলীর ছেলে। ছয় মাস আগে তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির লাল পতাকা গ্র"পে যোগ দিয়েছিলেন। বোমা হামলা ঘটনায় জড়িতদের ব্যাপারে শিমুলের কাছ থেকে তথ্য পাওয়া গেছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৪ ঘ.
bdnews24