চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এর রাউজান পথেরহাট শাখার ভল্ট থেকে ৩৪ লাখ টাকা খোয়া গেছে। টাকা চুরিতে জড়িত সন্দেহে এক প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভল্ট থেকে টাকা খোয়া যাওয়ার বিষয়টি রোববার ধরা পড়ে বলে জানিয়েছেন ইউসিবির পথের হাট শাখার ব্যবস্থাপক জাফরুল হক। এরপর তিনি রাউজান থানায় চুরির অভিযোগে একটি মামলা করেন।
জাফরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত যে কোনও সময়ে ব্যাংকের ভল্ট থেকে ৩৪ লাখ ৭ হাজার ৪৫৩ টাকা চুরি হয়েছে। রোববার ভল্ট খুলে তা টের পাই।"
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাংকের ব্যবস্থাপক রোববার দুপুরে থানায় মামলা করেন। এতে ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবু সাইদসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মামলার পরপরই প্রহরী আবু সাইদকে (৫০) গ্রেপ্তার করে পুলিশ।
ওসি বলেন, "ব্যাংকের নিরাপত্তাকর্মীর যোগসাজশে এ ঘটনা ঘটতে পারে। তাকে (সাঈদ) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
তবে ভল্টটি অক্ষত অবস্থায় ছিল বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমআই/১৫৩০ ঘ.
bdnews24