ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ এ বছরই শুরু করতে চায় সরকার।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান।
রেলওয়ের ১২ হাজার শূন্য পদে জনবল নিয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ার যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, এতে চীন, থাইল্যান্ড, মিয়ানমারসহ প্রাচ্যের দেশগুলোর সঙ্গে ব্যবসার প্রসার হবে।
এক সম্পূরক প্রশ্নের উত্তরে আবুল হোসেন বলেন, "এ বছরের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু করতে চাই।"
নওগাঁ-৬ আসনের সাংসদ মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, রেলওয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে যথাক্রমে ৬ হাজার ৫৮টি এবং ৬ হাজার ১৫০টি মিলিয়ে বর্তমানে ১২ হাজার ২০৮টি পদ শূন্য রয়েছে। শূন্য পদে জনবল নিয়োগে পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ডাবল রেল লাইন নির্মাণ এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
আবুল হোসেন সংসদে জানান, ঢাকা-রাজশাহী রুটে 'ধূমকেতু' নামে আরও একটি ট্রেন চালানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। ঈদের পরই ওই রুটে নতুন ট্রেনটি চলবে।
সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, "এশিয়ান হাইওয়ের মাধ্যমে চীন, থাইল্যান্ড, মিয়ানমার ও জাপানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে। ফলে বাংলাদেশের প্রাচ্যনীতি বাস্তবায়ন সহজ হবে।
" চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর স্থাপনের পরিকল্পনা বাস্তবায়িত করতে এ অঞ্চলের সড়ক পথে বিপুল পরিমাণ পণ্য প্রবাহের সুযোগ সৃষ্টি করতে হবে।"
তিনি বলেন, "বাংলাদেশ এশিয়ান হাইওয়েতে যুক্ত হলে ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, চীনসহ বিভিন্ন দেশকে যাত্রী ও মালামাল চলাচলের ক্ষেত্রে সড়ক পরিবহন সুবিধা দিতে পারবে। এই খাতে জাতীয় আয় অর্জিত হবে। একইভাবে, মংলা ও চট্টগ্রাম বন্দরের ব্যবহার বৃদ্ধি পাবে।"
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে- কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর এ প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, পরিবহন সেক্টরে অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশ টহল জোরদার করেছে। মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
চাঁদাবাজি রোধে সহায়তার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মো. মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, পদ্মা সেতুর কাজের বেশ অগ্রগতি হয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য প্রায় সব অর্থ সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের দেওয়া হয়েছে। প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মপরিকল্পনা বাস্তবায়নে এনজিও নিয়োগের বিষয়টিও চূড়ান্ত হয়েছে।
মন্ত্রী জানান, ২০১০ সালের শেষ নাগাদ পদ্মা সেতুর কাজ শুরু করে ২০১৩ সালের সেপ্টেম্বরে শেষ করার পরিকল্পনা সরকারের রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/এসএম/কেআরসি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24