সিলেট, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বচ্ছ ব্যালট বাক্স এবং ভোটার পরিচয়পত্রের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
তিনি বলেন, "স্বচ্ছ ব্যালট বাক্স ও ভোটার পরিচয়পত্রের ব্যবহার নিশ্চিত করা গেলে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ প্রবণতা দূর হবে। বিগত নির্বাচনগুলোতে স্বচ্ছ ব্যালট বাক্স ও ভোটার পরিচয়পত্র ব্যবহার করায় জাল ভোটের প্রবণতা হ্রাস পেয়েছিল।"
শনিবার সকাল ১১টায় সিলেটে উপনির্বাচন কমিশন কার্যালয়ে স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবহার ও সংরক্ষণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এ কথা বলেন।
তিনি বলেন, প্রথমবার এগুলো ব্যবহার করায় কিছুটা দোষত্র"টি দেখা গেছে। তবে ধীরে ধীরে এসব দোষত্র"টি কাটিয়ে উঠা সম্ভব বলে মনে করেন নির্বাচন কমিশনার।
উপনির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন- সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো. শামছুল আলম।
কর্মশালায় সিলেট বিভাগের চার জেলা এবং সবকটি উপজেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।
পরে নির্বাচন কমিশনার সিলেট সদর উপজেলায় নির্বাচন কমিশনের প্রস্তাবিত কম্পিউটার সার্ভার স্টেশনের জায়গা পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24