ফরিদপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে ইউনিয়নের নিজগ্রামে সংঘর্ষে নিহত ব্যক্তি হলেন- রফিক শেখ (২৫)। তিনি গ্রামের আমজাদের শেখের ছেলে।
এ ঘটনায় শনিবার সকালে থানায় মামলা হয়েছে। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ কর্মকার।
তিনি জানান, ওই গ্রামের নেতৃত্ব নিয়ে আমজাদ শেখ ও ওসমান মাতুব্বরের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। আমজাদ শেখ শুক্রবার পাশ্ববর্তী পূর্বকান্দা গ্রামে জুম্মার নামাজ পড়তে যান। বিকেলে ওসমান মাতুব্বরের লোকজনের সঙ্গে এ নিয়ে আমজাদ শেখের তর্কাতর্কি হয়।
এ সময় আমজাদ শেখের ছেলে রফিক শেখ এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় রফিককে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।
ওসি জানান, রফিকের বাবা আমজাদ শেখ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে সদরপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি শাহিদ মাতুব্বরকে (২৫) শনিবার সকালে গ্রেপ্তার করেছে।
তিনি জানান, ওই গ্রামে পুলিশ টহল জোরদার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৮ ঘ.
bdnews24