২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে সন্ত্রাসী শহর আলী নিহত

রাজধানীর মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে ওই এলাকার 'সন্ত্রাসী' শহর আলী নিহত হয়েছে। শনিবার রাত সোয়া ১টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে জানিয়েছে র‌্যাব। শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর সদস্য শহর আলীর (৩৫) বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা ও চাঁদাবাজিসহ কমপক্ষে সাতটি মামলা ও অসংখ্য সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 07:27 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে কথিত বন্দুকযুদ্ধে ওই এলাকার 'সন্ত্রাসী' শহর আলী নিহত হয়েছে। শনিবার রাত সোয়া ১টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে জানিয়েছে র‌্যাব। শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর সদস্য শহর আলীর (৩৫) বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা ও চাঁদাবাজিসহ কমপক্ষে সাতটি মামলা ও অসংখ্য সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। মিরপুর এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা কিছুদিন হলো বেড়েছে। গত ৪৮ ঘণ্টায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী ও এক কলেজছাত্র নিহত হয়। এরপর সেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করে। র‌্যাব-৪ এর পরিচালক মেজর গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১টা ২০ মিনিটে মিরপুর ১০ নম্বরে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ের সামনে সন্দেহজনক গতিবিধির কারণে একটি মাইক্রোবাসকে থামতে বলে র‌্যাব। তখন মাইক্রোবাস থেকে সন্ত্রাসীরা নেমে গুলি ছুড়তে শুরু করে। "তখন র‌্যাবও পাল্টা গুলি চালালে মাইক্রোবাসে থাকা শহর আলী আহত হয়ে পড়ে যায়। গাড়িটি পালিয়ে যায়। গুলিবিদ্ধ শহরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।" শহর আলীর ছোড়া গুলিতে র‌্যাবের এক সদস্য আহত হয়েছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা সারোয়ার বলেন, নজরুল ইসলাম নামে পুলিশের ওই সহকারী উপপরিদর্শককে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাম সারোয়ার বলেন, "শহর আলী শীর্ষসন্ত্রাসী শাহাদাত বাহিনীর সদস্য ছিল। তার বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা ও চাঁদাবাজিসহ কমপক্ষে সাতটি মামলা ও অসংখ্য সাধারণ ডায়েরি রয়েছে।" তিনি জানান, শহর আলীকে দীর্ঘদিন ধরেই র‌্যাব খুঁজছিল। কিন্তু সে পালিয়ে ছিল। মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত আগস্ট মাসে দেশে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়েছে। র‌্যাবের এক পরিসংখ্যানে বৃহস্পতিবার জানানো হয়, ২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাব গঠিত হওয়ার পর থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ৪৭২টি ঘটনায় ৫৭৭ জন 'ক্রসফায়ারে' মারা গেছে। এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। এদিকে নিরাপত্তা হেফাজতে মৃত্যুর জন্য দায়ীদের যাবজ্জীবন সাজার প্রস্তাব রেখে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকার সাংসদ সাবের হোসেন চৌধুরী সংসদে একটি বিল উত্থাপন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.