ঢাকা সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে স্থানীয় এক ছাত্রলীগ নেতার ব্যবসায়িক কার্যালয়ে আটক অবস্থায় শুক্রবার সন্ধ্যায় পাঁচ জনকে উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এক প্রবাসীর জায়গা দখলের উদ্দেশ্যে স্থানীয় ছাত্রলীগ নেতা আসলাম হোসেন মনুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত দুপুরের পর তাদের অপহরণ করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, "সন্ধ্যায় সামাদ সুপার মার্কেটের পাঁচতলায় মনুর ঠিকাদারী অফিস থেকে তাদের উদ্ধার করা হয়।"
পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান আরও জানান, স্থানীয় কয়েকজন অনেকদিন ধরে লন্ডন প্রবাসী আবদুল হাই নামের একজনের একটি জায়গা দখলের চেষ্টা করছে। সেখানে এখন কয়েকটি দোকান ভাড়া দেওয়া আছে।
তিনি বলেন, "শুক্রবার দুপুরের পর মনুর নেতৃত্বে মুসা ও মিজানসহ আরো ৮-১০ জনের একটি দল দোকানগুলোর ম্যানেজার গোলাম মওলা ও তাদের চারকর্মীকে ধরে সামাদ সুপার মার্কেটের পাঁচতলায় নিয়ে আটকে রাখে।
"খবর পেয়ে সন্ধ্যায় আমরা মনুর অফিস থেকে তাদের উদ্ধার করি। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।"
ওসি বলেন, "জায়গাটি দখল করার জন্যই এদের অপহরণ করা হয়েছিল।"
এ ঘটনায় মনু ও মুসাসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এসএইচ/২৩৩৫ ঘ.
bdnews24