চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামে পাইকারী ও খুচরা বাজারে চিনির দাম বেড়েছে। চিনির দাম আরও বাড়তে পারে এমন আভাসই পাওয়া যাচ্ছে।
দুই দিনের ব্যবধানে খুচরা বাজরে চিনির দাম কেজি প্রতি বেড়েছে ১০ টাকা। ঈদের মাত্র দশ দিন আগে চিনির দামের এ উল্লম্ফনে আতঙ্কিত ক্রেতারা।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজারের বিভিন্ন খুচরা দোকানে প্রতি কেজি চিনি বিক্রি হয় ৫৫ থেকে ৫৭ টাকায়। অথচ দুইদন আগে চিনির দাম ছিল ৪৭ থেকে ৪৮ টাকা কেজি। দশদিন আগেও খুচরা বাজারে চিনি বিক্রি হয় ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে।
খুচরা বিক্রেতারা জানান, খাতুনগঞ্জের পাইকারী বাজারে ডিও (ডেলিভারি অর্ডার) হাতবদল এবং ডিও ব্যবসায়ীদের কারসাজিতে চিনির পাইকারী বাজার অস্থির হয়ে উঠেছে। আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
খাতুনগঞ্জের পাইকারী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে মিল গেট থেকে ছাড়ের অপেক্ষায় থাকা প্রতি মন চিনির ডিও বিক্রি হয়েছে ২,০০০ টাকায়। সে হিসেবে প্রতি কেজি চিনির পাইকারী দর পড়ছে ৫৪ টাকা করে।
খুচরা চিনি বিক্রেতা মোহাম্মদ কবীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫৪ টাকা দরের চিনি খুচরা বাজারে এসে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৭ টাকায়।
আগামী দুই-তিন দিনের মধ্যে এ দাম বেড়ে ৬০ টাকায় গিয়ে দাঁড়াতে পারে বলে তার ধারণা।
খাতুনগঞ্জের পাইকারী বিক্রেতা মোহাম্মদ হোসেন জানান, মিল থেকে ছাড় করানোর আগেই বিক্রি হওয়া চিনির ডিও (যা ৪ থেকে ৫ দিন পর মিল থেকে ছাড় করানো হবে) বাজারে নানা হাত বদল হচ্ছে। বৃহস্পতিবার বিকালে চিনির ডিও বিক্রি হয় প্রতি মণ ১৬৯০ থেকে ১৭০০ টাকা দরে। বুধবার সকালে এ সব ডিওতে প্রতি মণ চিনির দাম ধরা হয় ১৬৩০ টাকা, বুধবার বিকালে এ দর বেড়ে দাঁড়ায় ১৬৭০ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক খাতুনগঞ্জের এক পাইকারী চিনি বিক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিল থেকে চিনি কম সরবরাহ করা হচ্ছে। এই সুযোগে কিছু ব্যবসায়ী মিল গেটে ছাড়ের অপেক্ষায় থাকা চিনির দাম বাড়িয়ে দিয়েছে।
প্রশাসনিক মনিটরিং ছাড়া চিনির উর্ধমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয় মনে বলে মনে করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এইচএ/২২১৬ ঘ.
bdnews24