চট্টগ্রাম, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৩ সালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে ধর্মীয় সংখ্যালঘু এক পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের মামলাটির আবারও অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
সুনির্দিষ্ট তিনটি বিষয়ে বাদী বিমল শীলের নারাজি আবেদনে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া বুধবার এ আদেশ দেন।
এ নিয়ে তৃতীয়বারের মতো মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হল।
আগামী ৮ নভেম্বরের মধ্যে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) বা এর ওপরের পদ মর্যাদার কর্মকর্তার মাধ্যমে ফের তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বিচারক।
বাদীপক্ষের আইনজীবী রানা দাশ গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দাখিল করা প্রতিবেদনে মূল অভিযুক্ত বাঁশখালীর বিএনপি নেতা আমিনুর রহমান চেয়ারম্যানকে আড়াল করা, তাকে আটক বা জিজ্ঞাসাবাদ না করা, এএসপির তদূর্ধ্ব পদ মর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত সম্পন্ন করতে আদালতের নির্দেশ থাকার পরও একজন পরিদর্শকের মাধ্যমে তদন্ত করায় বাদী বিমল শীল গত ২৮ মে নারাজি আবেদন দেন।
"তার আবেদনে বিচারক এ আদেশ দিয়েছেন," বলেন তিনি।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীল পাড়ায় একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। তখন এ ঘটনায় বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর চাচাতো ভাই বিএনপি নেতা আমিনুর রহমানের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তদন্তে বার বার তার নাম বাদ পড়ে যায়।
মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সাতকানিয়ার সার্কেল এএসপি ক্লারেন্স গোমেজ ঘটনার দুই বছর এক মাস পর ৩১ জনকে অভিযুক্ত করে ২০০৫ সালের ১৪ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন।
পরে বাদীর নারাজি আবেদনে ২০০৭ সালের ২০ মার্চ আবার এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সাতকানিয়া সার্কেলের এএসপি সফিকুর রহমানকে। তিনিও একই আসামিদের অভিযুক্ত করে ২০০৭ সালের ২৭ নভেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন।
এরপর বাদীপক্ষ আবারও নারাজি দিলে মামলাটি ২০০৮ সালের ২৫ ফেব্র"য়ারি সিআইডির কাছে ন্যস্ত হয়।
সিআইডির পরিদর্শক খুরশীদ জামিল তদন্ত শেষে গত ১৫ মার্চ অভিযোগপত্র জমা দেন। এতেও নারাজি দেন বাদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসএইচ/১৭৪৩ ঘ.
bdnews24