২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপড় আটক করে ব্যবসায়ীদের তোপের মুখে র‌্যাব সদস্যরা

রাজধানীর পুরান ঢাকার একটি মার্কেট থেকে বুধবার সন্ধ্যায় অবৈধ হিসেবে কাপড় আটক করে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন র‌্যাব সদস্যরা। এ সময় অভিযানের জন্য ব্যবহার করা একটি গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 04:21 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার একটি মার্কেট থেকে বুধবার সন্ধ্যায় অবৈধ হিসেবে কাপড় আটক করে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন র‌্যাব সদস্যরা। এ সময় অভিযানের জন্য ব্যবহার করা একটি গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। র‌্যাব-১০ এর অধিনায়ক এসএম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনসন রোডের বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটে গার্মেন্টসের কাপড় অবৈধভাবে বিক্রি হচ্ছে শুনে কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় র‌্যাব সেখানে অভিযান চালায়। তিনি জানান, ওই সময় বেশ কিছুসংখ্যক ব্যবসায়ী অভিযানে বাধা দেন। ঈদের আগে ব্যবসার মৌসুম হওয়ায় ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাতে কোতয়ালী থানায় বিষয়টি নিয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির নেতাদের আলোচনা চলছিল বলে র‌্যাব কর্মকর্তা জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ৩ নম্বর জনসন রোডের ওই মার্কেটের নিচতলার ৩৩৩ নম্বর দোকানে অভিযান চালিয়ে ৫০ থেকে ৬০ রোল কাপড় জব্দ করে গাড়িতে তুলে র‌্যাব এর একটি দল। এসময় দোকানটির মালিক আক্তার হোসেন প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন। তারা জানান, পরে দোকান মালিক সমিতির সভাপতি আবুল হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন গিয়ে বাধা দেন। এক পর্যায়ে মার্কেটের অন্য ব্যবসায়ীরা নেমে এসে প্রতিরোধ গড়ে তোলেন। তারা র‌্যাবের গাড়ি থেকে কাপড় নামিয়েও নেন। ব্যবসায়ীদের অভিযোগ, র‌্যাবের জব্দ করা কাপড়গুলো চীন থেকে বৈধভাবে আমদানি করা। এসময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা র‌্যাব ও কাস্টমস সদস্যদের বহনকারী একটি ভ্যান (ঢাকা মেট্রো ড ১৪-০৪০৫) ভাংচুর করেন। ব্যবসায়ীদের তোপের মুখে র‌্যাব সদস্য ও অভিযানে নিয়োজিত অন্যরা পাশের কোতয়ালী থানায় ঢুকে পড়েন। ইফতারের পর ব্যবসায়ীরা আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। রাত সাড়ে ৮টার দিকে সদরঘাট-সোয়ারীঘাট সড়কে পথসভা করে তারা এ ঘটনার প্রতিবাদ জানান। এর আগে গত ২৭ আগস্ট কেরানীগঞ্জে ডিশ ব্যবসা নিয়ে বিরোধে একজন কেবল অপারেটরের পক্ষ নিয়ে কয়েকজন র‌্যাব সদস্য অন্য এক ব্যবসায়ীকে মারধর করেছে বলে অভিযোগ ওঠে। এসময় ক্ষুদ্ধ স্থানীয়রা দু' র‌্যাব সদস্যকে গণপিটুনি দেয়। এছাড়া গত জুলাই মাসে র‌্যাব এক কর্মকর্তার বিরুদ্ধে বংশালের এক ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠে। তখন ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/প্রতিনিধি/এসএইচ/এসকে/২২৩১ঘ.