চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রহমান নগর এলাকায় পাঁচটি গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পচা ছোলা, ডাল, মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও কোমল পানীয় জব্দ করেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ম্যজিস্ট্রেট খোন্দকার নুরুল হকের নেৃতত্বে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চলে।
ম্যাজিস্ট্রেট খোন্দকার নুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," রহমানগর এলাকার গুদামগুলোতে ইলিয়াছ ব্রাদার্স, মোস্তফা গ্র"প, শাহজালাল ট্রেডার্স ও তাওয়াক্কুল এন্টারপ্রাইজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ছিলো। গুদামে খাদ্যসামগ্রীর পাশে রাখা ছিল রাসায়নিক পদার্থ। এছাড়া কিছু পঁচা ছোলা ও মাসকলাইয়ের ডাল, মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও কোমল পানীয় পাওয়া গেছে।"
বাংলাদেশ পেপার প্রোডাক্টসের এই গুদামগুলো শাহজালাল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান ইজারা নিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছিল।
জব্দ মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে জানিয়ে নুরুল হক বলেন, "গুদামগুলো সিল করে নিয়মিত মামলা রুজুর জন্য পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।"
এছাড়া বুধবার আরও দুটি আলাদা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নগরীর পাঁচটি রেস্তোরাকে বিশুদ্ধ খাদ্য আইনে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নগরীর লালখানবাজার মোড়ের হাইওয়ে সুইটসকে নোংরা পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা ও দইয়ের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নোংরা পরিবেশে খাদ্য বিক্রির অপরাধে নগরীর স্টেশন রোড এলাকার গুলিস্তান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, বিছমিল্লাহ ভাত ঘরকে পাঁচ হাজার টাকা, মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা ও কোতোয়ালী মোড়ের চিং লং চাইনিজ রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/২১৩৯ ঘ.
bdnews24