২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁড়ি প্রত্যাহারের পর সমস্যা হলে সেনানিবাসের সদস্যরা নিয়ন্ত্রণ করবেন: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ফাঁড়ি (ক্যাম্প) প্রত্যাহারের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেখানকার ছয়টি সেনানিবাসের সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন বলে জানিয়েছেন পাবর্ত্য চট্রগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 10:28 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ফাঁড়ি (ক্যাম্প) প্রত্যাহারের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেখানকার ছয়টি সেনানিবাসের সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন বলে জানিয়েছেন পাবর্ত্য চট্রগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। তিনি বলেছেন, "সেনা ফাঁড়ি প্রত্যাহারের কারণে যদি পার্বত্য তিন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তবে ছয়টি সেনানিবাসে থাকা সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে।" বাংলাদেশে নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি পল জে হেইট্যান্স বুধবার প্রতিমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে দেখা করতে গেলে পরে দীপঙ্কর সাংবাদিকদের আরও বলেন, "চারদলীয় জোট সরকারের শাসনামলে ২০০৪ সালেও সেখানকার তিন জেলা থেকে ৬৩টি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছিল। তখনও আইন-শৃঙ্খলা নিয়ে কোন সমস্যা হয়নি, এবারও হবেনা।" ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে সরকার সেখান থেকে চলতি মাসের মধ্যে আংশিক সৈন্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। পরে সরকারের তরফে জানানো হয়, ওই অঞ্চলের ছয়টি সেনানিবাস রেখে সেখান থেকে পর্যায়ক্রমে সকল সেনা ফাঁড়ি (ক্যাম্প) প্রত্যাহার করা হবে। প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের সমমনাদলগুলো সেনা ফাঁড়ি প্রত্যাহারের তীব্র বিরোধীতা করে আসছে। পার্বত্যাঞ্চলে বসবাসরত বাঙালিরা সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে সেনা ক্যাম্প রাখার দাবিতে হরতাল-অবরোধও করে। তাদের আপত্তির মুখেই আগস্টে সেনা ফাঁড়ি প্রত্যাহার শুরু হয়। ওই মাসেই কয়েকটি ফাঁড়ি গুটিয়ে নেওয়া হয়। গত ৯ আগস্ট সেনা প্রত্যাহারে নিষেধাজ্ঞা চেয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম ও পার্বত্য এলাকায় বসবাসরত বদিউজ্জামান আবেদন দু'টি করলে পরে হাইকোর্ট তা খারিজ করে দেয়। আদালত তখন বলেছিলো, সরকার বিভিন্ন পর্যায়ে পার্বত্য চট্টগ্রাম থেকে ২০০টি সেনা ফাঁড়ি প্রত্যাহার করেছে। ২০০৪ সালে ৬৩টি এবং ২০০৭ সালে ৪৮টি ফাঁড়ি প্রত্যাহার করা হয়। তারই ধারাবাহিকতায় ৩৫টি ফাঁড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত হচ্ছে। এরপরও ৩০০টি ফাঁড়ি এবং ছয়টি স্থায়ী সেনানিবাস সেখানে থাকবে। দীপঙ্কর বলেন, "পাহাড়ীরা শান্তিপ্রিয়। আর সরকার শান্তিপ্রিয় মানুষের উন্নয়নে কাজ করে যাবে।" পার্বত্য চট্রগ্রাম থেকে সকল সেনা ক্যাম্প প্রত্যাহার করা হলে সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে কিনা? এমন প্রশ্নের জবাবে এডিবি'র আবাসিক প্রতিনিধি সাংবাদিকদের জানান, এটা কোন সমস্যা নয়। সরকার তার নিজের মত করে এই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে। এডিবি'র আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক ও আলোচনার বিষয়ে দীপঙ্কর বলেন, "এডিবি'র অর্থায়নে পরিচালিত চলমান একটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চার বছর মেয়াদি এ প্রকল্পের কাজ চলতি মাসেই শেষ হওয়ার কথা। এর মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, "এ ব্যাপারে এডিবি'র প্রতিনিধি সম্মত হয়েছেন। খুব শিগগিরই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। এই প্রকল্পের কাজের মধ্যে রয়েছে, সুপেয় পানি, সেচ ও সড়কসহ অবাকাঠামো উন্নয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/১৬৪৪ ঘ.