জামালপুর, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে।
চাল বিতরণে অনিয়মের কারণে দুই শতাধিক কার্ডধারী চাল না পেয়ে খালি হাতে ফিরে গেছেন।
দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের ভিজিএফ কার্ডধারী মোয়ামারী গ্রামের বিরাত আলী, উজুর উদ্দিন, আক্কাস মিয়া, দক্ষিণ ভাত খাওয়া গ্রামের শুকুর আলী, গোলাম মওলা ও ফরিদ মিয়া অভিযোগ করেন, তারা মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন ভিজিএফ'র চাল নিতে। বিকাল পর্যন্ত অপেক্ষা করে চাল না পেয়ে ফিরে গেছেন।
তারা জানান, তাদের মত আরও অন্তত দুই শতাধিক কার্ডধারী চাল না পেয়ে বাড়ি ফিরে গেছেন।
তারা আরও অভিযোগ করেন, কার্ডপ্রতি ১০ কেজি করে চাল দেওয়ার নিয়ম থাকলেও যারা চাল পেয়েছেন তারা কেউই আট কেজির বেশি পায়নি।
পাররামরামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরুজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ইউনিয়নে দুই হাজার ভিজিএফ কার্ডধারী রয়েছেন। মঙ্গলবার সরকারদলীয় লোকজনকে নিয়ে চাল বিতরণ করা হয়েছে।
কার্ডধারীদের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "দুশ' কার্ডধারী চাল পায়নি কথাটি সঠিক নয়। মাত্র কয়েকজন কার্ডধারী চাল পায়নি। যারা পায়নি সরকারদলীয় লোকজন তাদের পরবর্তীতে চাল দেওয়ার কথা বলেছে।"
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গুদামসহ বিভিন্ন সমস্যার কারণে ১০ কেজির জায়গায় সাড়ে ৯ কেজি করে চাল দেওয়া হয়েছে। বুধবার দলীয় লোকজন নিয়ে বসে যারা চাল পায়নি তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.
bdnews24