গাজীপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয় বছর আগে গাজীপুর জেলাকে নিরক্ষরতামুক্ত ঘোষণা করা হলেও জেলার কমপক্ষে ১৫ ভাগ মানুষ এখনও স্বাক্ষর করতে জানেন না।
জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ে টিপসই দিয়ে অনেকে কাজ সারছেন।
জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, অবসর ভাতাপ্রাপ্তদের পক্ষে যারা টাকা তুলতে আসেন তাদের অনেকেই টিপসই দিয়ে টাকা উঠান।
গাজীপুরকে নিরক্ষরতামুক্ত জেলা ঘোষণা করা হয়েছিল ২০০০ সালের ২৩ সেপ্টেম্বর।
সেদিন শহরের রাজবাড়ী মাঠে আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় পৌনে ১২ কোটি টাকা ব্যয়ে নয়মাসে 'অরুণোজ্জ্বল গাজীপুর' নামের একটি প্রকল্পের মাধ্যমে জেলাটিকে নিরক্ষরতামুক্ত করা হয়েছিলো বলে তখন সরকারীভাবে দাবি করা হয়।
ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য শেখ মো. আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, "যথাসম্ভব চেষ্টার পরও জেলার সাক্ষরতার হার শতভাগ করা যায়নি।"
তার দেওয়া তথ্য অনুযায়ী, শতকরা ৮৫ ভাগ (১১ থেকে ৪৫ বছর বয়সী) মানুষ এখনও নিরক্ষর।
আবুল হোসেনের মতে, প্রকল্প চলাকালে শিক্ষক নিয়োগে দলীয়করণ, বিভিন্ন কেন্দ্রে শিক্ষকদের গাফিলতি থাকায় তখনই শতভাগ সাফল্য অর্জন করা সম্ভব হয়নি।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য আবুল হোসেন আরও জানান, 'অরুণোজ্জ্বল গাজীপুর' প্রকল্প বাস্তবায়নে জেলার পাঁচটি উপজেলা এবং দুটি পৌরসভার (গাজীপুর ও টঙ্গী) ১২৫২টি গ্রামে ১০ হাজার ৮৩১টি কেন্দ্র খোলা হয়েছিলো।
এ প্রকল্পে ৪৫ জন শিক্ষক প্রশিক্ষক, ৭২৩ জন তত্ত্বাবধায়ক, ১০৮৩১ জন শিক্ষক নিযুক্ত ছিলেন। নয় মাসে প্রকল্প বাস্তবায়ন শেষে জেলার মোট তিন লাখ ২৫ হাজার ৫৭৬ জন নারী-পুরুষকে সাক্ষর করা হয়েছে বলে প্রতিবেদনও দেওয়া হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শতকরা ৫-১০ ভাগ লোক এখনও নিরক্ষর রয়ে গেছেন।"
তিনি বলেন, "কর্মসূচি চলাকালে কর্মকর্তাদের সঠিক মনিটরিংয়ের অভাব, শিক্ষার্থীদের অনীহা, দারিদ্র্য ও জেলার ভাসমান লোকদের পাঠদানের আওতায় আনা সম্ভব না হওয়ায় শতভাগ সাক্ষরতা অর্জন সম্ভব হয়নি।"
এ ব্যাপারে বর্তমান জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার মন্তব্য করতে চাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসএইচ/২২৪০
bdnews24