২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তারের দাবিতে রংপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

তেভাগা আন্দোলনের নেতা প্রয়াত মণি কৃষ্ণ সেনের বাড়ি এবং বাড়ির সামনে দূর্গাপজা উপলক্ষে নির্মণাধীন প্রতিমা ভাঙচুর এবং বাড়িতে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মামলা নথিভুক্ত করার দাবিতে সোমবার জেলা পূজা উদযাপন কমিটি জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

রংপুর, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তেভাগা আন্দোলনের নেতা প্রয়াত মণি কৃষ্ণ সেনের বাড়ি এবং বাড়ির সামনে দূর্গাপজা উপলক্ষে নির্মণাধীন প্রতিমা ভাঙচুর এবং বাড়িতে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মামলা নথিভুক্ত করার দাবিতে সোমবার জেলা পূজা উদযাপন কমিটি জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও স্মারকলিপি দিয়েছে। পূজা উদযাপন কমিটি তিনদিন সময় দিয়ে বলেছে, এর মধ্যে দুস্কৃতকারীদের গ্রেপ্তার করা না হলে রংপুর শহরসহ পুরো জেলায় দূর্গা পুজা বর্জন করা হবে। স্মারকলিপিতে বলা হয়, গত ২৬ আগস্ট শহরের মুলাটোল এলাকায় প্রয়াত কমিউনিস্ট নেতা মণি কৃষ্ণ সেনের বাড়িতে এবং বাড়ির সামনে দূর্গা পুজা উপলক্ষে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করে লয়েড, কেনান, বিপ্লব, লাড্ডুসহ ২০/২৫ জন দুস্কৃতকারী। তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও লোকজনকে মারধর করে। ঘটনার পর মুলাটোল পূজা উদযাপন কমিটি পক্ষ থেকে কোতয়ালি থানায় মামলা দায়ের করলেও তা নথিভুক্ত করা হয়নি। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় আবারও হামলার আশংকা রয়েছে। রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বনমালী পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তিনদিন সময় দিয়েছি। দাবি পূরণ না হলে পুজা বর্জনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।" কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, ওই ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। একই ঘটনায় দুটো মামলা করা যায় না। মামলার তদন্ত চলছে। তদন্তে অভিযোগের প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রংপুরের জেলা প্রশাসক আব্দুল আহাদ জানান, তিনি স্মারকলিপি পেয়েছেন। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সুপারিনটেনডেন্টকে বলা হয়েছে। তিনি জানান, ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে সবধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। মামলাটি তদন্ত চলছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা অবশ্যই নেবে। মামলা নথিভুক্ত না করার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, একই ঘটনায় দুটি মামলা হয় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৫ ঘ.