কুষ্টিয়া, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার দূর্বাচড়া গ্রামে র্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' এক চরমপন্থী নিহত হয়েছে।
নিহত আশরাফুল আলম ওরফে আশা মণ্ডল (৩৫) দূর্বাচড়া গ্রামের মনম্বর শেখের ছেলে।
র্যাব ১২ কুষ্টিয়া ইউনিটের অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট নজরুল ইসলাম জানান, আশরাফুল আলম ওরফে আশা মণ্ডল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণবাহিনী (লাল)-এর সদস্য।
তিনি জানান, সোমবার ভোর রাত ৪টার দিকে দূর্বাচরা-সলিমপুর সড়কের উঁচু ব্রিজের কাছে সশস্ত্র সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব ১২ কুষ্টিয়া ইউনিটের একটি দল সেখানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে।
র্যাব পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে আশা মণ্ডল নিহত হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
নজরুল ইসলাম জানান, সকালে ঘটনাস্থল নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক, দুই রাউন্ড গুলি, দুইটি গুলির খোসা ও দুইটি ধারালো তলোয়ার উদ্ধার করা হয়েছে।
নিহত আশরাফুলের নামে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হত্যা, ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এইচএ/১২০৪ ঘ.
bdnews24