বাগেরহাট, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপাল উপজেলার সায়রাবাদ এলাকা থেকে অস্ত্রসহ ডাকাতি মামলার এক আসমিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি দেশে তৈরি বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জিল্লুর রহমান (২৮) উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সায়রাবাদ গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক আবু বক্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতি মামলার আসামি জিল্লুর রহমান এলাকায় ফিরছে এমন সংবাদ পেয়ে ডিবির একটি দল সায়রাবাদ এলাকার খেয়াঘাটে অবস্থান নেয়। খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে খেয়াপার হয়ে এপাড়ে নামলে পুলিশ জিল্লুরকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা বলেন, "দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। তার বিরুদ্ধে বাগেরহাট সদর ও রামপাল থানায় দু'টি ডাকাতি ও একটি অস্ত্র মামলা রয়েছে।"
জিল্লুরকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.
bdnews24