নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হলে দেশে গণতন্ত্র সুসংহত হবে বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান।
তিনি বলেন, "সর্বক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত সম্ভব হলে দেশে গণতন্ত্র সুংহত হবে। এ কারণেই তথ্য অধিকার আইন কার্যকরের লক্ষ্যে গঠিত হয়েছে তথ্য কমিশন। তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে জবাবদিহিতা ও স্বচ্ছতার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছি আমরা। সাধারণ মানুষকে সম্পৃক্ত করেই আমরা লক্ষ্যে পৌঁছাতে চাই।"
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত 'তথ্য অধিকার আইন ২০০৯ জনঅবহিতকরণ' বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান এ কথা বলেন।
প্রধান তথ্য কমিশনার বলেন, "তথ্য অধিকার আইন অনুযায়ী জনগণকে তথ্য প্রদানের জন্য প্রত্যেক সরকারি কার্যালয়ে একজন করে কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। বিভিন্ন মন্ত্রণালয়ে চারশ' দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।"
অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান ও তথ্য কমিশনার আবু তাহের তথ্য অধিকার আইন ২০০৯ ব্যাখা করেন।
জেলা প্রশাসক সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে দুপুর দু'টায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নারায়ণগঞ্জ ইউনিট এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে'র) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য কমিশনের দুই কর্মকর্তা।
শহরের চাষাড়ায় এনইউজে কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান বলেন, "আইন যদি সঠিক গতিতে চলে এবং বিচার যদি সঠিক হয় তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।"
তিনি বলেন, "সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকরা দায়িত্ব পালন করলে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছবে।"
এনইউজের সভাপতি হাসানুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- তথ্য কমিশনার আবু তাহের, জেলা প্রশাসক সামছুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রুমন রেজা, বিএফইউজের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ বিমান ভট্রাচার্য, এনইউজে'র সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৭ ঘ.
bdnews24