কক্সবাজার, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের সাতাটি মাছধরা ট্রলার শুক্রবার বঙ্গোপসাগরে ডুবে গেছে। নিখোঁজ রয়েছে অন্তত ৩০টি ট্রলার।
ডুবে যাওয়া সাতটি ট্রলারের মধ্যে একটির ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ডুবে যাওয়া বাকি ছয়টি ট্রলারের ৮০ জন এবং নিখোঁজ ৩০টি ট্রলারের অন্তত চার শ' জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।
তিন থেকে চারদিন আগে ট্রলারগুলো মাছ ধরতে যায়। নিুচাপের প্রভাবে উত্তাল সাগরে শুক্রবার সাতটি ট্রলার ডুবে যায়। ফিরে আসা জেলেদের বরাত দিয়ে রোববার সন্ধ্যায় ট্রলারডুবির খবর নিশ্চিত করেছেন ট্রলার মালিক সমিতির নেতারা।
কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্তত ৮০টি ট্রলার বিভিন্ন উপকূলে আশ্রয় নিয়েছে। এখনও অন্তত ৩০টির কোনো খোঁজ নেই।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে সমিতির আরেক কর্মকর্তা মোস্তাক আহমদ জানান, সাতটি ট্রলারডুবির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এগুলোর মধ্যে ছয়টি ট্রলার সনাক্ত করা গেলেও একটি সনাক্ত করা যায়নি।
তিনি বলেন, সনাক্ত হওয়া ছয়টি ট্রলার হল- এফবি মোবারেকা, এফবি জিয়াউদ্দিন, এফবি ভাই ভাই, এফবি রূপা, এফবি ভাই ভাই-১ ও এফবি রফিক।
মোস্তাক আহমদ দাবি করেন, ডুবে যাওয়া এফবি ভাই ভাই-১ এর ১৩ জন জেলেকে শনিবার সকালে চট্টগ্রামের একটি মাছধার ট্রলার উদ্ধার করেছে।
কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির আহবায়ক মুজিবুর রহমান জানান, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্তত ২০টি মাছধরা ট্রলার বিভিন্ন উপকুলে আশ্রয় নিয়েছে। এর মধ্যে কক্সবাজার উপকূলে ফিরেছে এফবি ভাই ভাই-২ ও এফবি জাহাঙ্গীর।
ফিরে আসা জেলে আবদুর রহিম ও কবির আহমদ জানান, তারা দুদিন ধরে কক্সবাজার উপকূলে ফিরে আসার চেষ্টা করছিলেন। কিন্তু পথ খুঁজে না পাওয়ায় সাগরেই ট্রলার চালিয়েছেন।
কক্সবাজার উপকূলের প্রবেশ মুখে বাতিঘর বা বয়া না থাকায় জেলেরা প্রতিনিয়তই এই রকম বিপদের সম্মুখীন হন বলে তারা দাবি করেন।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম জানান, জেলায় ছোটবড় মিলে এক হাজারের মতো মাছধরা ট্রলার রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২২ ঘ.
bdnews24