শরীয়তপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির মামলায় শরীয়তপুরের একজন সাংবাদিককে রোববার কারাগারে পাঠানো হয়েছে।
এই সাংবাদিক হলেন- জনকণ্ঠ ও একুশে টেলিভিশনের শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশার।
জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম উৎপল দত্ত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে বাশারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।।
৮ জুন জনকন্ঠে 'শরীয়তপুরে চাঁদা ফারুক আতংক' শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর পরিবহন শ্রমিক নেতা ফারুক চৌকিদারের ভাই মো. বাবুল চৌকিদার বাদী হয়ে বাশারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।
শরীয়তপুরের সাংবাদিকরা বাশারের মুক্তির দাবিতে শহরের চৌরঙ্গী এলাকায় যুগান্তর পত্রিকার স্থানীয় কার্যালয়ে সভা করেছেন।
আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মানবজমিন প্রতিনিধি শেখ খলিলুর রহমান, যুগান্তর, বাংলাভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি কে এম রায়হান কবীর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০২৫ ঘ.
bdnews24