ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকে সামনে রেখে ফেরি ঘাটে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার।
এজন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার সচিবালয়ের মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, "ঈদকে সামনে রেখে ফেরি ঘাটে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রি-পক্ষীয় কমিটি গঠন করা হয়েছে।
"এ কমিটি স্থানীয় সাংসদদের সহায়তা নিয়ে ঘাটগুলোতে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে পদক্ষেপ নেবে। "
বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, "ঘাটগুলোতে টাস্কফোর্সও গঠন করা হয়েছে। তারা অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে কার্যকর ব্যবস্থা নেবে। টাস্কফোর্স স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে গণসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেবে।"
তিনি বলেন, "ঈদে নদীপথে চলাচলকারী লঞ্চগুলোর যাত্রীভাড়া না বাড়িয়ে যাতায়াতের সময় (ট্রিপ) বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
"এতে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়ায় চললেও এসব লঞ্চের কোন লোকসান হবে না।"
চাঁদাবাজি বন্ধে মাওয়া ঘাটে গাড়ি রাখার জন্য নির্ধারিত পার্কিংয়ের স্থানটি ইজারা না দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বলে জানান শাজাহান খান।
তিনি আরও জানান, ঈদে যাত্রী ও গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া তিন দিন আগে থেকে ট্রাক বা কার্ভার্ড ভ্যানে পণ্য বহন না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
"এর ফলে ঘাটগুলোতে যানবাহনের চাপ প্রায় ৪০ শতাংশ কমবে।"
ভবিষ্যতে নিরাপদ যাত্রী পরিবহনের সুবিধায় সাধারণ ফেরিতে ট্রাকগুলো আলাদাভাবে বহন করা হবে জানিয়ে শাজাহান খান বলেন, "তখন রোরো ফেরি শুধু যাত্রী পরিবহনে ব্যবহার হবে। আর নতুন করে কোন রোরো ফেরি আনা বা তৈরি করা হবে না।"
শাজাহান খান জানান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে ৫৭টি ফেরি রয়েছে। এরমধ্যে রোরো ফেরি ১২টি। বাকি সবই সাধারণ (ইউটিলিটি) ফেরি।
৫৭টি ফেরির মধ্যে ৩৩টিই বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া ঘাট এলাকায় চলাচল করছে।
বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মাসুদ ইলাহীসহ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক রুস্তম আলী খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএইচ/১৯৩৩ ঘ.
bdnews24