২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে তিনজন নিহত

মুন্সীগঞ্জ সদর উপজেলার ঢাকা-টঙ্গীবাড়ি সড়কের আটপাড়া নামক স্থানে রোববার দুপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে তিনজন মারা গেছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ সদর উপজেলার ঢাকা-টঙ্গীবাড়ি সড়কের আটপাড়া নামক স্থানে রোববার দুপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে তিনজন মারা গেছে। (আরও তথ্যসহ) আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও নয়জনকে। তাদের ঢাকা ও টঙ্গীবাড়ির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হল- ঢাকার ধোলাইপাড়ের তুলি পাল (৬), অজ্ঞাতনামা শিশু এবং টঙ্গীবাড়ি উপজেলার আদাবাড়ির লালু খাঁকে (৭০)। জেলা প্রশাসক মো. মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে বালিগাঁওগামী মুন্সীগঞ্জ এক্সপ্রেস লিমিটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুর আড়াইটার দিকে আটপাড়া নামক স্থানে ৩০ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।" তিনি জানান, বাসটি খাদে পড়ে ১০/১২ ফুট পানিতে ডুবে যায়। দমকলকর্মীরা বাসের ভেতর থেকে তিনটি লাশ উদ্ধার করেছে। তিনি জানান, আহতদের মধ্যে মনোয়ারা (৩০) ও কমলা বেগমকে (৪২) ঢাকায় পাঠানো হয়েছে। আব্দুল কাদের (৪০), ছাত্তার বেপারী (৪০), সুমন (২২), বিনা (২৮), লাভলী (২৮), আয়শা (৬০) ও দেলোয়ারকে (৩৫) টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকেল পৌনে ছয়টায় জেলা প্রশাসক জানান, ঢাকা থেকে আসা দমকলের ডুবুরীরা বাস থেকে হতাহতদের উদ্ধার করেছে। বাসে আর কোনো লাশ নেই। চালকের খুব কাছের আসনে বসা যাত্রী বিশ্বজিৎ পাল সাংবাদিকদের বলেন, চালকের কারণে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ নির্ণয় করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাসটি খাদ থেকে তোলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০১৫ ঘ.