২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছ শিল্প পার্ক স্থাপনের পথে এসএমই-আইএফসি চুক্তি

বিভিন্ন শিল্পের সমন্বয়ে একটি গুচ্ছ (ক্লাস্টার) শিল্প পার্ক তৈরির প্রাক সম্ভাব্যতা যাচাইয়ে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে একটি চুক্তি সই করেছে এসএমই ফাউন্ডেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 08:28 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন শিল্পের সমন্বয়ে একটি গুচ্ছ (ক্লাস্টার) শিল্প পার্ক তৈরির প্রাক সম্ভাব্যতা যাচাইয়ে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে একটি চুক্তি সই করেছে এসএমই ফাউন্ডেশন। রোববার কারওয়ান বাজারে ফাউন্ডেশন কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। আইএফসি'র পক্ষে চুক্তিতে সই করেন আইএফসি-বিআইসিএফ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ আক্তার মাহমুদ এবং এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মমতাজ উদ্দিন আহমেদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মমতাজ উদ্দিন বলেন, "আমাদের লক্ষ্য প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল শিল্পকে একই শিল্পের মধ্যে নিয়ে আসা। কারণ এসব শিল্পের ধরণ প্রায় একই রকমের। তাই একই জায়গায় থাকলে এগুলো কারিগরি ও অবকাঠামোগত সুবিধা বেশি পাবে এবং অপেক্ষাকৃত কম দামে পণ্য দিতে পারবে।" বর্তমানে এ তিনটি শিল্প দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বেশির ভাগ হাল্কা ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে পুরনো ঢাকার ধোলাইখাল এলাকায়। বেশ কিছু দিন ধরেই এসব শিল্পের উদ্যোক্তারা একটি গুচ্ছ শিল্প পার্কের দাবি করে আসছেন। গুচ্ছ শিল্প পার্ক স্থাপনের বিষয়ে এসএমই ফাউন্ডেশন ও আইএফসি গত জানুয়ারিতেই সমঝোতা স্মারকে সই করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/১৪৪৭ঘ.