২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের ঠিক করা কবরেই শায়িত হবেন সাইফুর

স্ত্রী দুররে সামাদ রহমানের মৃত্যুর পর নিজের কবরের জায়গা নিজেই ঠিক করে রেখেছিলেন সদ্যপ্রয়াত এম সাইফুর রহমান। প্রয়াতের চাচাতো ভাই রফিকুল ইসলাম মানি রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সোমবার সমাহিত করা হবে। ওই কবরস্থানে স্ত্রীর কবরের পাশে সাইফুর রহমান নিজেই নিজের জন্য কবরের জায়গা ঠিক করে রেখেছিলেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্ত্রী দুররে সামাদ রহমানের মৃত্যুর পর নিজের কবরের জায়গা নিজেই ঠিক করে রেখেছিলেন সদ্যপ্রয়াত এম সাইফুর রহমান। প্রয়াতের চাচাতো ভাই রফিকুল ইসলাম মানি রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সোমবার সমাহিত করা হবে। ওই কবরস্থানে স্ত্রীর কবরের পাশে সাইফুর রহমান নিজেই নিজের জন্য কবরের জায়গা ঠিক করে রেখেছিলেন।" ২০০৩ সালের ২০ অক্টোবর সাইফুরের স্ত্রী দুররে সামাদ মারা যান। সিলেট জেলা বিএনপির আহবায়ক ইলিয়াস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেটে হযরত শাহজালাল (রাঃ) দরগা বা আলীয়া মাদ্রাসা মাঠে তার জানাজা হবে। পরে তার মরদেহ মৌলভীবাজারে নিয়ে আসা হবে এবং মৌলবীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ অথবা সাইফুর রহমান স্টেডিয়ামে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানান। সাইফুরের ভাই রফিকুল ইসলাম মানি রোববার রাতে আরও জানান, সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমান বর্তমানে সস্ত্রীক ওমরাহ পালনের সৌদি আরবে রয়েছেন। রোববার রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন জানান, সিলেট ও মৌলভীবাজারে তার জানাজা সোমবারেই অনুষ্ঠিত হবে। বিকেলে মৌলভীবাজারে তার শেষ জানাজা হবে। বাড়িতে শোকের মাতম রোববার সাইফুর রহমানের মৃত্যুতে তার নিজ জেলা শহর মৌলভীবাজারে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর শুনে দুপুর থেকে শহরতলীর বাহারমর্দন গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজনসহ দলমত নির্বিশেষে লোকজন ভিড় জমায়। বাড়িতে তখন কান্নার রোল। সাইফুরের চাচাতো ভাই রফিকুল ইসলাম মানির স্ত্রী মিনু বারবার মুর্ছা যাচ্ছিলেন। মিনু জানান, শনিবার গুরুতর অসুস্থ ছিলেন সাইফুর। যে কারণে রোজাও রাখতে পারেননি। ঢাকা যাওয়ার আগে চাচাতো ভাইয়ের ঘরে তার প্রিয় ডিম ভাজা ও চালের রুটি খান। জেলা বিএনপির তাৎক্ষণিক সভা সাইফুর রহমানের মৃত্যুতে জেলা বিএনপি শনিবার মৌলভীবাজার পৌর মিলনায়তনে এক শোকসভা করে। জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এ সভায় মৌলভীবাজারে তিন দিনের শোক পালনের আহবান জানান। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খোলা হয়েছে শোক বই। এ ছাড়া সবকটি উপজেলায় বিএনপি একইরকম কর্মসূচি নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/১১৩০ঘ.