চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগরীর হিল ভিউ আবাসিক এলাকায় শনিবার সন্ধ্যায় দুই ব্যবসায়ীকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের সময় দুজনকে আটক করেছে জনতা। জনতার পিটুনিতে আহত দুজনকে পরে পুলিশ উদ্ধার করে।
আহত দুই ব্যবসায়ী এবং দুই ছিনতাইকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই ব্যবসায়ীর মধ্যে নবী হোসেন বুকে গুলিবিদ্ধ হয়েছেন। মো. রহিম নামের আরেকজন ধারালো অস্ত্রে আঘাতে আহত হয়েছেন।
ইফতারের ঠিক আগে পাঁচলাইশ থানাধীন রহমান নগরের হিলভিউ আবাসিক এলাকার ৩ নম্বর লেইনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি নাইন এম এম পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চকবাজারের হোটেল ব্যবসায়ী রহিম ও নবী হোসেন ইফতারের আগে পৌনে সাতটার দিকে থেকে হিলভিউ আবাসিক এলাকায় নিজেদের বাসায় ফিরছিলেন। পাঁচ-ছয়জন সশস্ত্র ছিনতাইকারী তাদের পথরোধ করে। তারা রহিমের কাছে থাকা ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
বাধা দিলে ছিনতাইকারীরা নবী হোসেনকে গুলি করে এবং রহিমকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুই ছিনতাইকারীকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।
এসআই লোকমান জানান, গণপিটুনিতে আহত ছিনতাইকারী মো. মাকসুদের অবস্থা গুরুতর। অপরজনের নাম পুলিশ জানাতে পারেনি।
তিনি জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২৩২১ ঘ.
bdnews24