চাঁদপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে) - চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মেহরণ এলাকার জগন্নাথ মন্দিরের সেবাইতের ঘরে অগ্নিসংযোগ করেছে দুস্কৃতকারীরা।
সেবাইত মনোরঞ্জন চক্রবর্তী (৭০) ও তার স্ত্রী মদিনা চক্রবর্তী (৬০) অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় পাঠানো হয়।
আগুনে মনোরঞ্জনের ঘরের আসবাবপত্র পুড়ে যায়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নেভায়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে মেহরণের জগন্নাথ মন্দিরের পেছনের সেবাইতের ঘরে কেরোসিন ঢেলে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে সেবাইত ও তার স্ত্রী অগ্নিদগ্ধ হন।
তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
ওসি জানান, সেবাইতের ঘরে কেউ অগ্নিসংযোগ করেছে না কোনোভাবে আগুন ধরেছে তা তদন্ত করে দেখতে হবে। তদন্ত ছাড়া বিষয়টি নিশ্চিত হওয়া যাবে না। এই মন্দির নিয়ে স্থানীয় দু'টি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বলে তিনি জানান।
স্থানীয় একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃষ্ণচরণ দাস ওরফে সাধু গ্র"পের সঙ্গে মন্দিরের জায়গা-জমি নিয়ে ইউনিয়ন পরিশষদের সদস্য উত্তম গ্র"পের বিরোধ চলে আসছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার সময় মনোরঞ্জন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিরোধের জের ধরে সাধু গ্র"পের লোকজন তার ঘরে আগুন দিতে পারে।
কৃষ্ণচরণ দাস ওরফে সাধু সাংবাদিকদের বলেন, "আমি কোনো আগুন লাগাইনি। ষড়যন্ত্রমূলকভাবে আমাকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩২ ঘ.
bdnews24